রাতের আঁধারে চার মাজারে হামলা, ঠাকুরগাঁওয়ে উত্তেজনা
ঠাকুরগাঁওয়ে রাতের আঁধারে সত্যপীরের মাজারসহ চারটি মাজারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাতে পৌর শহরের বিজিবি ক্যাম্পসংলগ্ন গোরস্থান এলাকায় অবস্থিত মাজারগুলোতে এ হামলার ঘটনা ঘটে।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে রাতের আঁধারে সত্যপীরের মাজারসহ চারটি মাজারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাতে পৌর শহরের বিজিবি ক্যাম্পসংলগ্ন গোরস্থান এলাকায় অবস্থিত মাজারগুলোতে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শুক্রবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা মাজারগুলোতে হামলা চালায়। ভোরে পাশের মসজিদে নামাজ আদায় করতে যাওয়ার সময় মাজারগুলো ভাঙচুর করা অবস্থায় দেখতে পান মুসল্লিরা। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
স্থানীয়দের দাবি, এসব মাজার দীর্ঘদিনের পুরনো এবং নিয়মিত ভক্ত ও দর্শনার্থীরা সেখানে আসেন। এর আগে কখনো এ ধরনের হামলার ঘটনা ঘটেনি। তারা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
খবর পেয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুল ইসলাম বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং তদন্ত চলছে। এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।”
এমবি এইচআর