শিল্পখাতের মন্দায় ১৪ লাখ কর্মসংস্থান হারিয়েছে: এ কে আজাদ

দেশের শিল্পখাতের মন্দা ও সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন হা-মীম গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ।

Jan 27, 2026 - 10:54
 0  2
শিল্পখাতের মন্দায় ১৪ লাখ কর্মসংস্থান হারিয়েছে: এ কে আজাদ
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

দেশের শিল্পখাতের মন্দা ও সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন হা-মীম গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ। তিনি বলেন, শিল্পখাতে বিরাজমান স্থবিরতার কারণে ইতোমধ্যে প্রায় ১৪ লাখ মানুষ চাকরি হারিয়েছে এবং তারা বর্তমানে বেকার জীবন যাপন করছে।

শনিবার (২৯ নভেম্বর) সকালে রাজধানীতে অনুষ্ঠিত ‘বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন ২০২৫’-এর উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

এ কে আজাদ জানান, প্রতিবছর দেশে অন্তত ৩০ লাখ মানুষ নতুন করে শ্রমবাজারে প্রবেশ করছে। কিন্তু শিল্পখাতে পর্যাপ্ত নতুন কর্মসংস্থান সৃষ্টি না হওয়ায় এসব মানুষের জন্য কাজের সুযোগ তৈরি হচ্ছে না। ফলে বেকারত্বের হার দ্রুত বাড়ছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ বুলেটিন অনুযায়ী গত অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি ছিল ৪ দশমিক ২২ শতাংশ। তবে চলতি অর্থবছরে তা কমে ৩ দশমিক ৯৭ শতাংশে নেমে আসতে পারে। তার মতে, প্রবৃদ্ধির এই নিম্নগতি অর্থনীতির ভেতরে ক্রমবর্ধমান চাপেরই প্রতিফলন।

ব্যাংকিং খাত নিয়েও উদ্বেগ প্রকাশ করে এ কে আজাদ বলেন, বর্তমানে দেশে খেলাপি বা শ্রেণীকৃত ঋণের হার ২৪ শতাংশে পৌঁছেছে। তবে বাস্তব চিত্র আরও ভয়াবহ বলে তিনি মনে করেন।

বেসরকারি খাতের পরিস্থিতি তুলে ধরে তিনি জানান, বাংলাদেশ ব্যাংকের সংকোচনমূলক মুদ্রানীতির কারণে সুদের হার বৃদ্ধি পেয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে ঋণপ্রবাহের ওপর। তিনি বলেন, শিল্পখাত বর্তমানে মাত্র ৬ শতাংশ হারে ঋণ পাচ্ছে, যা টেকসই শিল্পায়নের জন্য পর্যাপ্ত নয়।

এ কে আজাদ আরও বলেন, দেশে শিল্পায়নের গতি মারাত্মকভাবে কমে গেছে। ব্যবসা ও বাণিজ্যের প্রয়োজনেও নতুন শিল্প স্থাপনের প্রবণতা কমে এসেছে। গত বছর ক্যাপিটাল মেশিনারি আমদানি কমেছিল এবং চলতি বছর তা আগের বছরের তুলনায় আরও ২৬ শতাংশ কমেছে, যা শিল্পখাতের দুরবস্থার স্পষ্ট ইঙ্গিত বহন করে।

এমবি এইচআর