হাঁটতে বের হয়ে প্রাণ হারালেন স্কুলের সহকারী শিক্ষক

হবিগঞ্জের বাহুবলে ট্রাকচাপায় রূপজিত কর রাজু (৩৬) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। রোববার (৭ ডিসেম্বর) সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের নতুনবাজার এলাকার বেন্দারপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Dec 7, 2025 - 11:47
 0  5
হাঁটতে বের হয়ে প্রাণ হারালেন স্কুলের সহকারী শিক্ষক
ছবি সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

হবিগঞ্জের বাহুবলে ট্রাকচাপায় রূপজিত কর রাজু (৩৬) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। রোববার (৭ ডিসেম্বর) সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের নতুনবাজার এলাকার বেন্দারপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রূপজিত কর রাজু উপজেলার মিরপুর সানশাইন মডেল হাইস্কুলের সহকারী শিক্ষক এবং বানিয়াগাঁও গ্রামের নিপেশ করের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সকালে চাকরিজীবী স্ত্রীকে কুলাউড়া যাওয়ার জন্য মিরপুর বাজারে বাসে তুলে দিয়ে বাড়ি ফেরেন রাজু কর। এরপর এলাকার আরও দুইজনকে সঙ্গে নিয়ে মিরপুর-শ্রীমঙ্গল আঞ্চলিক মহাসড়ক ধরে নতুনবাজার এলাকায় হাঁটতে বের হন। সকাল ৭টার দিকে বেন্দারপুল এলাকায় পৌঁছালে শ্রীমঙ্গলগামী সবজিবোঝাই একটি ট্রাক তাদের ওপর তুলে দ্রুত পালিয়ে যায়।

এ ঘটনায় রূপজিত কর রাজু ও ফুরঞ্জন দেব গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রাজুকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ফুরঞ্জন দেবকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সানশাইন মডেল হাইস্কুলের পরিচালক এম. শামছুদ্দিন বলেন, রূপজিত কর রাজুর মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
বাহুবল মডেল থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, ঘটনাটি সম্পর্কে তারা অবগত হয়েছেন এবং তদন্ত চলছে।

এমবি এইচআর