ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

স্থানীয় জনগণকে ‘চাঁদাবাজ’ হিসেবে উপস্থাপনের অভিযোগে আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের বিরুদ্ধে বাবুগঞ্জে ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল হয়েছে।

Dec 10, 2025 - 18:42
 0  3
ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

স্থানীয় জনগণকে ‘চাঁদাবাজ’ হিসেবে উপস্থাপনের অভিযোগে আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের বিরুদ্ধে বাবুগঞ্জে ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল হয়েছে। বুধবার বিকেলে বাবুগঞ্জ-মীরগঞ্জ এলাকার সর্বস্তরের মানুষের ব্যানারে নারী-পুরুষসহ স্থানীয়রা এই কর্মসূচিতে অংশ নেন।

উপজেলার লোহালিয়া গ্রাম থেকে শুরু হওয়া মিছিলটি মীরগঞ্জ ফেরিঘাটে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিক্ষুব্ধ জনতা জানান, ব্যারিস্টার ফুয়াদ সম্প্রতি গণমাধ্যমে বাবুগঞ্জের স্থানীয়দের ‘চাঁদাবাজ’ হিসেবে অভিযুক্ত করেছেন, যা স্থানীয়দের জন্য অপমানজনক ও অগ্রহণযোগ্য। তারা তার এমন মন্তব্যের কারণ জানতে চান এবং প্রকাশ্যে ক্ষমা ও বিচারের দাবি জানান।

জানা যায়, মুলাদী-বাবুগঞ্জ উপজেলা নিয়ে গঠিত বরিশাল-৩ আসনে এবি পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ব্যারিস্টার ফুয়াদ। জন্মসূত্রেও তিনি বাবুগঞ্জের নাগরিক। গত ৮ ডিসেম্বর মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন যে ব্রিজ নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে স্থানীয় কিছু ব্যক্তি চাঁদা দাবি করেছে।

তার ওই বক্তব্যের পরদিনই স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। ঘটনাস্থলে তাকে হেনস্তার মুখেও পড়তে হয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি সেখান থেকে সরতে বাধ্য হন। এ ঘটনার জেরে উপজেলা ছাত্রদল তাকে এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করে।

পরবর্তীতে বরিশাল প্রেস ক্লাব ও রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে ব্যারিস্টার ফুয়াদ পুরো ঘটনার বিবরণ তুলে ধরেন। তবে তার ব্যাখ্যা স্থানীয়দের ক্ষোভ প্রশমিত করতে পারেনি বলে এলাকাবাসীর দাবি।

এমবি এইচআর