‘খুঁইজেন না, বয়ফ্রেন্ডের সঙ্গে আছি’

Nov 16, 2025 - 10:27
 0  6
‘খুঁইজেন না, বয়ফ্রেন্ডের সঙ্গে আছি’

মেঘনাবার্তা প্রতিনিধি:

বরিশালে কলেজে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হওয়ার পর ছয় দিন ধরে নিখোঁজ রয়েছেন এক তরুণী। পরিবার বিষয়টিকে রহস্যজনক দাবি করে থানায় সাধারণ ডায়েরি করলেও এখনো তাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। তবে তদন্তে নেমে ভিন্ন তথ্য পেয়েছে পুলিশ—ওই তরুণীই নাকি জানিয়েছে যে তিনি প্রেমিকের সঙ্গে আছেন।

নিখোঁজ পূজা দাস (২১) বরিশাল সরকারি মহিলা কলেজের সম্মান শ্রেণির ছাত্রী। আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের মধ্য শিহিপাশা এলাকার বাসিন্দা নারায়ণ চন্দ্র দাসের মেয়ে এবং এলাকার সুপরিচিত মিষ্টি ব্যবসায়ী পরিবারের নাতনি।

পরিবারের করা জিডিতে বলা হয়, গত ৯ নভেম্বর সকাল ৭টা ১০ মিনিটে কলেজে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই তার কোনো খোঁজ মেলেনি। সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েও ব্যর্থ হয়েছেন স্বজনরা।

এদিকে তরুণীর পরিবারের এই উদ্বেগের বিপরীতে পুলিশ বলছে, ভিন্ন একটি ইঙ্গিত পেয়েছেন তারা। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মনিরুল ইসলাম জানান, নিখোঁজের খোঁজে পুলিশ তৎপরতা শুরুর পরপরই তার হোয়াটসঅ্যাপে একটি বার্তা আসে। তাতে লেখা, ‘আমাকে খুঁইজেন না। আমি আমার বয়ফ্রেন্ডের সঙ্গে আছি এবং ভালোই আছি।’ তবে সেই নম্বরটি এরপর থেকেই বন্ধ থাকায় বার্তাটি সত্যিই পূজা পাঠিয়েছেন কি না—তা নিশ্চিত হওয়া যাচ্ছে না।

আগৈলঝাড়া থানার ওসি অলিউল ইসলাম বলেন, বিষয়টি অপহরণ কি না—এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরিবারও তদন্তে তেমন সহযোগিতা করছে না। মেসেজ পাঠানো নম্বর বন্ধ থাকায় ট্র্যাকিং সম্ভব হচ্ছে না। তিনি জানান, বিশেষ কৌশলে তরুণীর অবস্থান শনাক্তের চেষ্টা চলছে এবং ধারণা করা হচ্ছে, তিনি সুস্থ আছেন। শিগগির উদ্ধার সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এমবি/এসআর