চট্টগ্রাম থেকেই স্বাধীনতার ঘোষণা, অলি বলেছিলেন ‘উই রিভল্ট’ : জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা চট্টগ্রাম থেকেই দেওয়া হয়েছিল।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা চট্টগ্রাম থেকেই দেওয়া হয়েছিল। চট্টগ্রামেরই এক গর্বিত সন্তান সবার আগে উচ্চারণ করেছিলেন—‘উই রিভল্ট’। তিনি ছিলেন এলডিপির সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। তিনি জিয়াউর রহমানকে হাতে ধরে সামনে এগিয়ে নিয়েছিলেন।
সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রাম নগরীর বন্দর স্কুল মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, চট্টগ্রাম কেবল একটি বন্দরনগরী নয়; এটি দীর্ঘ সংগ্রাম ও প্রতিরোধের ইতিহাসে ভরপুর এক গর্বিত জনপদ। তিনি বলেন, এই ঐতিহ্যবাহী ইতিহাসের সূচনা করেছিলেন চট্টগ্রামের মানুষই। এ জন্য তিনি চট্টগ্রামবাসীর প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানান।
জামায়াত আমির আরও বলেন, কর্নেল অলি আহমদ আজ আক্ষেপ করে বলেন—তিনি রণাঙ্গনে যুদ্ধ করেছেন, জিয়াউর রহমানের পর দ্বিতীয় ব্যক্তি হিসেবে জাতীয়তাবাদী রাজনীতির দল গঠনে ভূমিকা রেখেছেন। অথচ এখন তিনি বিএনপিতে নেই। কারণ, এটি আর জিয়াউর রহমানের আদর্শের বিএনপি নেই বলেই তিনি মনে করেন।
ডা. শফিকুর রহমান বলেন, অতীতের কাসুন্দি টেনে জাতিকে আর বিভক্ত করতে দেওয়া হবে না। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, সব ধর্মের মানুষ মিলে এই দেশকে একটি ফুলের বাগান হিসেবে সাজাতে চান তারা।
তিনি আরও বলেন, দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা হবে। বিশেষ করে মা-বোনদের নিরাপত্তা, চলাচল ও কর্মস্থলের নিরাপত্তা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিশ্চিত করা হবে। নারীদের মর্যাদা মায়ের মর্যাদায় মাথার ওপরে তুলে রাখার অঙ্গীকার করেন তিনি।
মহানগর জামায়াতের আমির মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় ডা. শফিকুর রহমান চট্টগ্রাম-১০, চট্টগ্রাম-৯, চট্টগ্রাম-১১ ও খাগড়াছড়ি আসনে জামায়াত মনোনীত প্রার্থীদের হাতে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা তুলে দেন। একই সঙ্গে চট্টগ্রাম-৮ আসনে ভোটের শরিক দল এনসিপির প্রার্থীর হাতে শাপলা কলি প্রতীক তুলে দেন।
এমবি এইচআর

