সন্ধ্যায় নিখোঁজ, সকালে বাঙ্গি ক্ষেতে মিলল স্কুলছাত্রের গলা কাটা লাশ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার পারুয়া ইউনিয়নে নিখোঁজের পরদিন এক স্কুলছাত্রের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Jan 6, 2026 - 14:18
 0  2
সন্ধ্যায় নিখোঁজ, সকালে বাঙ্গি ক্ষেতে মিলল স্কুলছাত্রের গলা কাটা লাশ
ছবি সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ 

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার পারুয়া ইউনিয়নে নিখোঁজের পরদিন এক স্কুলছাত্রের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে উপজেলার পারুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড হাজারীহাট এলাকার পূর্ব পাশে হাজারী বিলসংলগ্ন একটি বাঙ্গি ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত কিশোরের নাম মোহাম্মদ শাহেদ ইসলাম (১৭)। তিনি পারুয়া ইউনিয়নের পূর্ব সাহাব্দী নগর মহতিপাড়া গ্রামের বাসিন্দা ও দুবাইপ্রবাসী মোহাম্মদ আব্দুল মোনাফের ছেলে। শাহেদ পারুয়া সাহাব্দীনগর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলেন।

নিহতের স্বজনরা জানান, সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে শাহেদ বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে রাতেই রাঙ্গুনিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

আজ মঙ্গলবার সকালে স্থানীয়রা বাড়ির পাশের একটি বাঙ্গি ক্ষেতে শাহেদের গলা কাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

স্থানীয়রা প্রাথমিকভাবে এটিকে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করছেন। তবে কী কারণে এবং কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে এখনো কোনো তথ্য জানা যায়নি।

রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন বলেন, ‘ঘটনার সব দিক গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এমবি এইচআর