হাদি হত্যার বিচারের দাবিতে আজ সংবাদ সম্মেলন, নতুন কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের
শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে গতকাল শুক্রবার শাহবাগে ঘোষিত অবস্থান কর্মসূচি স্থগিত করেছে ইনকিলাব মঞ্চ।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে গতকাল শুক্রবার শাহবাগে ঘোষিত অবস্থান কর্মসূচি স্থগিত করেছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটি জানিয়েছে, আজ শনিবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
গতকাল দুপুরে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনের ব্যারিকেড ভেঙে আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় জলকামান, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ চালানো হলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এই সংঘর্ষে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবেরসহ সংগঠনের একাধিক নেতাকর্মী আহত হন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল থেকে পাঠানো এক ভিডিও বার্তায় সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের অভিযোগ করেন, আসন্ন নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে। তিনি বলেন, “আমরা আমাদের ভাইকে হারিয়েছি, তবুও আমরা চাই ১২ তারিখেই নির্বাচন হোক।” তিনি আরও বলেন, “নির্বাচনের পর যে দলই ক্ষমতায় আসুক না কেন, হাদি হত্যার সুষ্ঠু বিচার না হলে আমরা রাজপথ ছাড়ব না।” পুলিশি হামলার প্রতিবাদে সন্ধ্যার পর থেকে শাহবাগ এলাকায় ফের অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। তবে এ সময় পুলিশ আবারও লাঠিচার্জ চালিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
এমবি এইচআর

