মোহাম্মদপুরে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি, ৭০ ভরি স্বর্ণ ও ৬০০ ভরি রুপা লুট

রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা বাজারে অবস্থিত নিউ রানা জুয়েলার্সে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরচক্রের সদস্যরা দোকান থেকে ৭০ ভরি স্বর্ণ, ৬০০ ভরি রুপা ও চার লাখ টাকা নগদ লুট করে নিয়ে গেছে।

Jan 5, 2026 - 15:34
 0  2
মোহাম্মদপুরে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি, ৭০ ভরি স্বর্ণ ও ৬০০ ভরি রুপা লুট
ছবি সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা বাজারে অবস্থিত নিউ রানা জুয়েলার্সে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরচক্রের সদস্যরা দোকান থেকে ৭০ ভরি স্বর্ণ, ৬০০ ভরি রুপা ও চার লাখ টাকা নগদ লুট করে নিয়ে গেছে।

সোমবার (৫ জানুয়ারি) ভোরে শাটার ও কেঁচিগেট ভেঙে এ চুরির ঘটনা ঘটে। দোকান মালিক মাসুদ রানা জানান, রোববার রাত সাড়ে ১১টার দিকে দোকান বন্ধ করে তিনি বাসায় চলে যান। সোমবার সকাল ১০টার দিকে দোকান খুলতে এসে কেঁচিগেটের তালা ভাঙা দেখতে পান।

ভেতরে প্রবেশ করে তিনি দেখতে পান, দোকানে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে এবং সিন্দুকসহ সব স্বর্ণ ও রুপা নিয়ে গেছে চোরেরা। মাসুদ রানা বলেন, দোকানে তার নিজের ৫০ ভরি স্বর্ণ এবং বন্ধক রাখা আরও ২০ ভরি স্বর্ণ ছিল। এ ছাড়া প্রায় ৬০০ ভরি রুপা, চার লাখ টাকা নগদ এবং স্বর্ণ কেনাবেচার গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ পুরো সিন্দুক চোরচক্র নিয়ে গেছে।

লুট হওয়া ৭০ ভরি স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৫৪ লাখ টাকা এবং ৬০০ ভরি রুপার মূল্য প্রায় ২১ লাখ ৬০ হাজার টাকা বলে জানান দোকান মালিক।

দোকানে থাকা সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভোর ৩টা ২১ মিনিটের দিকে কয়েকজন চোর দোকানের ভেতরে প্রবেশ করে। তারা প্রথমে গ্লাস ভেঙে সিন্দুক বের করে এবং বেশ কিছু সময় দোকানের ভেতরে অবস্থান করে। পরে একটি পিকআপ ভ্যানে করে সিন্দুকসহ স্বর্ণ ও রুপা নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান বলেন, চুরির বিষয়টি পুলিশ জানতে পেরেছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং চোরচক্র শনাক্ত ও গ্রেপ্তারে একাধিক টিম কাজ করছে।

এমবি এইচআর