ছিনতাইকারীর কবলে পড়ে সর্বস্ব খোয়ালেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী

কেরানীগঞ্জে ছিনতাইকারীর কবলে পড়ে সর্বস্ব হারিয়েছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের এক নারী কারারক্ষী। ছিনতাইকারীরা অস্ত্রের ভয় দেখিয়ে তাঁর ব্যবহৃত স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

Jan 7, 2026 - 15:50
 0  2
ছিনতাইকারীর কবলে পড়ে সর্বস্ব খোয়ালেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী
ছবি সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

কেরানীগঞ্জে ছিনতাইকারীর কবলে পড়ে সর্বস্ব হারিয়েছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের এক নারী কারারক্ষী। ছিনতাইকারীরা অস্ত্রের ভয় দেখিয়ে তাঁর ব্যবহৃত স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) ভোরে ঢাকা–মাওয়া মহাসড়কের কেরানীগঞ্জের মুজাহিদ নগর আন্ডারপাস এলাকায় ঝিলমিলগামী ঢাকামুখী লেনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কারারক্ষীর নাম সাথী আক্তার।

অভিযোগপত্র সূত্রে জানা যায়, সাথী আক্তার বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারের স্টাফ কোয়ার্টারে পরিবারসহ বসবাস করেন। মহিলা আসামির নিরাপত্তা ডিউটির জন্য ভোর আনুমানিক ছয়টার দিকে তিনি কেন্দ্রীয় কারাগার অফিস থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে শ্যামলী মানসিক হাসপাতালের উদ্দেশে রওনা হন। পথিমধ্যে অজ্ঞাতনামা ৩–৪ জন ছিনতাইকারী সিএনজির গতিরোধ করে।

এ সময় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তাঁর গলায় থাকা এক ভরি ওজনের একটি স্বর্ণের চেইন, এক জোড়া স্বর্ণের কানের দুল, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং নগদ পাঁচ হাজার টাকা ছিনিয়ে নেয়। ছিনতাই হওয়া মালামালের আনুমানিক মূল্য সাড়ে তিন লাখ টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তিনি চিৎকার করলে ছিনতাইকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মোশাররফ হোসেন জানান, এ ঘটনায় লিখিত অভিযোগের পর নিয়মিত মামলা রুজু করা হয়েছে। ছিনতাইকারীদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশি অভিযান চলমান রয়েছে।

এমবি এইচআর