ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় অধ্যাদেশের দাবিতে ফের ঢাকার তিন মোড়ে অবরোধ
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে সাত কলেজের শিক্ষার্থীরা ফের রাজধানীর তিনটি গুরুত্বপূর্ণ স্থানে অবরোধ কর্মসূচি পালন করছেন।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে সাত কলেজের শিক্ষার্থীরা ফের রাজধানীর তিনটি গুরুত্বপূর্ণ স্থানে অবরোধ কর্মসূচি পালন করছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে তারা সায়েন্সল্যাব মোড় অবরোধ শুরু করলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
শিক্ষার্থীরা জানান, ‘সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলন’-এর ব্যানারে একযোগে সায়েন্সল্যাব মোড়, টেকনিক্যাল মোড় ও তাঁতীবাজার মোড়ে শান্তিপূর্ণ অবস্থান ও অবরোধ কর্মসূচি চলছে।
এর আগে বুধবার (১৪ জানুয়ারি) ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে অধ্যাদেশ অনুমোদন ও প্রজ্ঞাপন জারির দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সে সময় তারা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির ডাক দিয়ে আগের দিনের কর্মসূচি সাময়িক স্থগিত রাখেন।
শিক্ষার্থীরা জানান, বৃহস্পতিবার থেকে তাদের লাগাতার কর্মসূচি চলবে। গাবতলী টেকনিক্যাল মোড়ে সমন্বিত কর্মসূচির বিষয়ে সাংবাদিকদের জানান বাঙলা কলেজের শিক্ষার্থী মাসুম বিল্লাহ। তিনি বলেন, “ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে চূড়ান্ত অধ্যাদেশ জারির এক দফা দাবিতে সকাল ১১টা থেকে রাজধানীর সায়েন্সল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড়ে একযোগে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে।”
তিনি আরও বলেন, আজকের কর্মসূচি শেষ হলেও শিক্ষার্থীরা তাদের মূল দাবি থেকে একচুলও সরে আসবে না। শিক্ষার্থীদের ভাষ্য, এটি কোনো এক দিনের আন্দোলন নয়; বরং নিজেদের ভবিষ্যৎ ও অধিকার আদায়ের দীর্ঘ লড়াই।
গতকালও রাজধানীর সায়েন্সল্যাবসহ বিভিন্ন মোড় অবরোধ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এতে গাবতলী থেকে কারওয়ানবাজার পর্যন্ত ঢাকামুখী লেনে তীব্র যানজট সৃষ্টি হয়। সরেজমিনে দেখা গেছে, গাবতলী থেকে অনেক যানবাহন ঘুরিয়ে দেওয়া হচ্ছে। বেশির ভাগ গাড়ি মিরপুর ও মোহাম্মদপুর হয়ে ঢাকার ভেতরে প্রবেশের চেষ্টা করছে। অনেক যাত্রীকে যানবাহন ছেড়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।
এমবি এইচআর

