ঢাকার তিন পয়েন্টে সাত কলেজ শিক্ষার্থীদের অবরোধ, চরম যানজটে স্থবির রাজধানী

রাজধানীর সায়েন্সল্যাব, টেকনিক্যাল মোড় ও তাঁতীবাজার মোড় অবরোধ করেছে সাত কলেজের শিক্ষার্থীরা। ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে অধ্যাদেশ অনুমোদন ও প্রজ্ঞাপন জারির দাবিতে বুধবার (১৪ জানুয়ারি) দুপুর থেকে এই কর্মসূচি শুরু হয়।

Jan 14, 2026 - 15:17
 0  2
ঢাকার তিন পয়েন্টে সাত কলেজ শিক্ষার্থীদের অবরোধ, চরম যানজটে স্থবির রাজধানী
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

রাজধানীর সায়েন্সল্যাব, টেকনিক্যাল মোড় ও তাঁতীবাজার মোড় অবরোধ করেছে সাত কলেজের শিক্ষার্থীরা। ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে অধ্যাদেশ অনুমোদন ও প্রজ্ঞাপন জারির দাবিতে বুধবার (১৪ জানুয়ারি) দুপুর থেকে এই কর্মসূচি শুরু হয়। এতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

দুপুর ১টার দিকে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড় অবরোধ করলে গাবতলী থেকে কারওয়ানবাজার পর্যন্ত ঢাকামুখী লেনে যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। সরেজমিনে দেখা গেছে, গাবতলী থেকে যানবাহন ঘুরিয়ে দেওয়া হচ্ছে। অধিকাংশ গাড়ি মিরপুর ও মোহাম্মদপুর হয়ে শহরের ভেতরে ঢোকার চেষ্টা করছে। অনেক যাত্রীকে বাধ্য হয়ে যানবাহন ছেড়ে পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।

এর আগে মঙ্গলবার (১৩ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সাত কলেজের শিক্ষার্থীরা বুধবার রাজধানীর গুরুত্বপূর্ণ তিনটি পয়েন্টে অবরোধ কর্মসূচির ঘোষণা দেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাত কলেজের সমন্বয়ে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’-এর খসড়া গত ২৪ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এরপর খসড়াটি নিয়ে আলোচনা ও বিতর্ক শুরু হলে শিক্ষা মন্ত্রণালয় একাধিক পরামর্শ সভা আয়োজন করে।

শিক্ষার্থীদের অভিযোগ, গত ৭ ও ৮ ডিসেম্বর শিক্ষা ভবনের সামনে টানা অবস্থান কর্মসূচির সময় জানুয়ারির প্রথম দিকেই অধ্যাদেশ জারির আশ্বাস দেওয়া হলেও এখনো দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। তাই বাধ্য হয়েই তারা রাজপথে নামতে বাধ্য হয়েছেন। তবে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অধ্যাদেশ চূড়ান্ত করার বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে উপদেষ্টা পরিষদের অনুমোদনের জন্য তা উপস্থাপন করা হবে।

এদিকে পৃথক কর্মসূচিতে সাকিবুল হত্যার বিচার ও আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে শিক্ষার্থীরা রাজধানীর ব্যস্ত ফার্মগেট মোড় অবরোধ করেছেন। বুধবার বেলা পৌনে ১২টার দিকে তারা প্রথমে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট–খামারবাড়ি অংশ অবরোধ করেন। পরে সাড়ে ১২টার দিকে ফার্মগেট মোড়ও বন্ধ করে দেন।

অবরোধের ফলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও ফার্মগেট এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং আশপাশের সড়কেও তীব্র যানজট তৈরি হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ঘটনাস্থলে অবস্থান নিতে দেখা গেছে।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, সাকিবুল হত্যাকাণ্ডের এক মাস পেরিয়ে গেলেও বিচারিক কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। খুনিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে ঘোষণা দেন। অবরোধ চলাকালে শিক্ষার্থীরা ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’ ও ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে পারে না’সহ বিভিন্ন স্লোগান দেন।

উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজের ছাত্রাবাসে দুই পক্ষের সংঘর্ষে অন্তত তিনজন শিক্ষার্থী আহত হন। গুরুতর আহত সাকিবুল হাসান রানা চার দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর ১০ ডিসেম্বর মারা যান।

এমবি এইচআর