কারওয়ান বাজারে চাঁদাবাজবিরোধী মানববন্ধনে দুর্বৃত্তদের হামলা

রাজধানীর কারওয়ান বাজারে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় বন্ধের দাবিতে চলমান মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে কারওয়ান বাজার সংলগ্ন কাঁচামালের আড়ত এলাকায় এ হামলা হয়।

Dec 29, 2025 - 14:39
 0  3
কারওয়ান বাজারে চাঁদাবাজবিরোধী মানববন্ধনে দুর্বৃত্তদের হামলা
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

রাজধানীর কারওয়ান বাজারে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় বন্ধের দাবিতে চলমান মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে কারওয়ান বাজার সংলগ্ন কাঁচামালের আড়ত এলাকায় এ হামলা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শান্তিপূর্ণ মানববন্ধন চলাকালে হঠাৎ একদল দুর্বৃত্ত ব্যবসায়ীদের ওপর হামলা চালায়। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। হামলার পর ব্যবসায়ীরাও লাঠিসোঁটা নিয়ে হামলাকারীদের ধাওয়া করেন। এ ঘটনায় দুর্বৃত্ত ও ব্যবসায়ীদের মধ্যে কয়েক দফা ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ ব্যবসায়ীরা ‘চাঁদাবাজের আস্তানা ভেঙে দাও—গুঁড়িয়ে দাও’, ‘চাঁদাবাজের আস্তানা এই বাংলায় হবে না’—এমন নানা স্লোগান দেন।

কারওয়ান বাজারের এক ব্যবসায়ী বলেন, “আমরা চাঁদাবাজির বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে মানববন্ধন করছিলাম। হঠাৎ করেই আমাদের ওপর হামলা করা হয়। পরে আমরা ঐক্যবদ্ধভাবে হামলাকারীদের প্রতিহত করেছি।”

হামলার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তা বলেন, “ঘটনার বিষয়ে আমরা অবগত। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কোনোভাবেই এখানে বিশৃঙ্খলা হতে দেওয়া হবে না।”

পুলিশ জানায়, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত নজরদারি জোরদার করা হয়েছে।

এমবি এইচআর