রাজধানীতে কলেজ ছাত্রীসহ ৪ নারীর লাশ উদ্ধার

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে কলেজ ছাত্রীসহ চার নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ জানুয়ারি) রাত থেকে শনিবার (১৭ জানুয়ারি) সকালের মধ্যে বাড্ডা, মিরপুর, ডেমরা ও যাত্রাবাড়ী এলাকা থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়।

Jan 18, 2026 - 11:20
 0  5
রাজধানীতে কলেজ ছাত্রীসহ ৪ নারীর লাশ উদ্ধার
ছবি সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে কলেজ ছাত্রীসহ চার নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ জানুয়ারি) রাত থেকে শনিবার (১৭ জানুয়ারি) সকালের মধ্যে বাড্ডা, মিরপুর, ডেমরা ও যাত্রাবাড়ী এলাকা থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।

পুলিশ জানায়, পৃথক চারটি বাসাবাড়ি থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মরদেহগুলো উদ্ধার করা হয়। পরে সেগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর পেছনে পরিকল্পিত হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা—তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। সংশ্লিষ্ট ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) ফাতেমা সিদ্দিকা সোমা জানান, শুক্রবার রাতে আফতাবনগর বাঘাপুর এলাকার একটি বাসা থেকে সুবর্ণা নামের এক গৃহপরিচারিকার লাশ উদ্ধার করা হয়। তিনি ওই বাসায় স্বামীর সঙ্গে বসবাস করতেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, স্বামী-স্ত্রীর পারিবারিক বিরোধের জেরে তিনি আত্মহত্যা করতে পারেন।

এদিকে মিরপুর ১০ নম্বর এলাকার একটি ভাড়া বাসা থেকে মোছা. সানজানা ইসলাম মিম (১৯) নামে এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে তৃতীয় তলার ওই বাসায় এ ঘটনা ঘটে। নিহত সানজানা ইসলাম মিরপুর ইংলিশ ভার্সন স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি বরগুনা সদর উপজেলার চাঁদখালী গ্রামের শওকত মৃধার মেয়ে।

নিহতের বড় ভাই সাখাওয়াত হোসেন জানান, সকালে সবার অগোচরে নিজের কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন সানজানা। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল এবং এরপর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ীর কোনাপাড়া আদর্শবাগ এলাকার একটি বাসা থেকে আশা আক্তার নামের আরেক নারীর লাশ উদ্ধার করা হয়। নিহতের ভাই আকাশ পুলিশের কাছে জানান, শুক্রবার গভীর রাতে বাসার একটি কক্ষে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার বোনকে পাওয়া যায়। পুলিশ ও স্বজনদের সহায়তায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান, আগেই তার মৃত্যু হয়েছে।

এ ছাড়া ডেমরার পূর্ব বক্সনগর এলাকার একটি বাসা থেকে কোহিনূর নামের এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। শুক্রবার রাত আনুমানিক ৩টার দিকে ডেমরা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠায়।

এমবি এইচআর