রাজধানীতে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে র্যাব-৪ এর অভিযান, আটক ১
রাজধানীর কাফরুল থানার সেনপাড়া এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে মাহমুদুর রহমান খান সনি (৪৬) নামের এক অবৈধ অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে র্যাব-৪।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
রাজধানীর কাফরুল থানার সেনপাড়া এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে মাহমুদুর রহমান খান সনি (৪৬) নামের এক অবৈধ অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে র্যাব-৪। অভিযানে তার কাছ থেকে একটি অবৈধ বিদেশি পিস্তল, ৬ রাউন্ড তাজা গুলি, ১ রাউন্ড গুলির খোসা এবং একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) র্যাব-৪ এর একটি আভিযানিক দল সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
র্যাব-৪ এর পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কাফরুল থানার সেনপাড়া এলাকার একটি বাসায় অবৈধ দেশি ও বিদেশি আগ্নেয়াস্ত্র মজুত রয়েছে। তথ্য পাওয়ার পর তাৎক্ষণিকভাবে ওই বাসায় অভিযান চালানো হয়। অভিযানের সময় বাসার মালিক মো. মাহমুদুর রহমান খান সনি পালানোর চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সনি তার কাছে অবৈধ অস্ত্র থাকার কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্য অনুযায়ী বাসাটি থেকে একটি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড তাজা গুলি, ১ রাউন্ড গুলির খোসা এবং একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক তদন্তে জানা গেছে উদ্ধারকৃত অস্ত্র ব্যবহার করে সনি রাজধানীর মিরপুর, কাফরুল, দারুসসালামসহ আশপাশের এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন। পাশাপাশি তিনি এসব অস্ত্র ভাড়ায় পেশাদার অপরাধীদের কাছে সরবরাহ করতেন, যা দিয়ে খুন, চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটিত হতো।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বিভিন্ন অপরাধে জড়িত থাকার প্রাথমিক তথ্য পাওয়ায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এমবি এইচআর

