হাতিয়ায় নির্বাচনী জনসংযোগকালে আহত এনসিপি প্রার্থী হান্নান মাসউদ
নোয়াখালীতে নির্বাচনী জনসংযোগের সময় আহত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের প্রার্থী আবদুল হান্নান মাসউদ।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
নোয়াখালীতে নির্বাচনী জনসংযোগের সময় আহত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের প্রার্থী আবদুল হান্নান মাসউদ।
রোববার (১৪ ডিসেম্বর) সকাল আটটার দিকে হাতিয়ার ওছখালি পুরাতন বাজার এলাকায় ব্যাটারিচালিত একটি অটোরিকশার ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। আহত হওয়ার পর তাকে তাৎক্ষণিকভাবে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
এ বিষয়ে আবদুল হান্নান মাসউদ বলেন, পুরাতন বাজার এলাকায় জনসংযোগ চালানোর সময় পেছন দিক থেকে আসা একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয় এবং সেটি তার বাঁ পায়ের ওপর দিয়ে চলে যায়। পরে পায়ের এক্স-রে করা হয়। পায়ে ব্যথা থাকলেও গুরুতর কোনো সমস্যা ধরা পড়েনি। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি পুনরায় জনসংযোগ কার্যক্রমে অংশ নেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও হাতিয়া উপজেলা যুবশক্তির আহ্বায়ক মো. ইউসুফ রেজা জানান, অটোরিকশার চালক কম বয়সী ছিলেন এবং বেখেয়ালভাবে গাড়ি চালানোর কারণেই দুর্ঘটনাটি ঘটে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল আলম বলেন, ঘটনাটি গুরুতর নয়। সড়কের পাশে দিয়ে হাঁটার সময় একটি চলন্ত অটোরিকশার চাকা হান্নান মাসউদের বাঁ পায়ের পাতার ওপর দিয়ে চলে যায়। এতে তিনি সামান্য আঘাত পান।
এমবি এইচআর

