এমবাপ্পের জোড়া গোল, ভিনিসিয়ুসের নৈপুণ্যে মোনাকো বিধ্বস্ত
কিলিয়ান এমবাপ্পের জোড়া গোল ও ভিনিসিয়ুস জুনিয়রের চোখধাঁধানো নৈপুণ্যে উয়েফা চ্যাম্পিয়নস লিগে দুর্দান্ত জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। নতুন কোচ আলভারো আরবেলোয়ার অধীনে প্রথম ম্যাচেই ফরাসি ক্লাব মোনাকোকে ৬–১ গোলে বিধ্বস্ত করে স্প্যানিশ জায়ান্টরা।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
কিলিয়ান এমবাপ্পের জোড়া গোল ও ভিনিসিয়ুস জুনিয়রের চোখধাঁধানো নৈপুণ্যে উয়েফা চ্যাম্পিয়নস লিগে দুর্দান্ত জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। নতুন কোচ আলভারো আরবেলোয়ার অধীনে প্রথম ম্যাচেই ফরাসি ক্লাব মোনাকোকে ৬–১ গোলে বিধ্বস্ত করে স্প্যানিশ জায়ান্টরা।
এই জয়ের ফলে ৩৬ দলের লিগ পর্বের টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। ফলে শেষ ষোলোতে টপ সিডিং পাওয়ার পথে তারা অনেকটাই এগিয়ে গেল। বিপরীতে, সেবাস্তিয়ান পোকোনিওলির শিষ্য মোনাকো পড়েছে আগেভাগে বিদায়ের শঙ্কায়।
ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় রিয়াল। মাত্র পাঁচ মিনিটেই সাবেক ক্লাবের বিপক্ষে গোল করেন কিলিয়ান এমবাপ্পে। ফ্রাঙ্কো মাসতান্তুয়োনো ও ফেদেরিকো ভালভার্দের সঙ্গে দারুণ সমন্বয়ের পর নিচের বাঁ কোণে নিখুঁত শট নেন তিনি।
এরপর পাল্টা আক্রমণে সুযোগ পেয়েছিল মোনাকো। বার্সেলোনা থেকে ধারে আসা আনসু ফাতি একটি নিশ্চিত সুযোগ নষ্ট করেন। তবে ২০ মিনিটের মাথায় ভিনিসিয়ুসের বাড়ানো বল থেকে সহজ ফিনিশে নিজের দ্বিতীয় গোলটি করেন এমবাপ্পে। এই গোলের নেপথ্যে বড় ভূমিকা ছিল এদুয়ার্দো কামাভিঙ্গার।
বিরতির আগে জর্ডান তেজের শক্তিশালী শট ক্রসবারে লেগে ফিরলে ব্যবধান কমাতে পারেনি মোনাকো।
দ্বিতীয়ার্ধে একচেটিয়া দাপট দেখায় রিয়াল। ৩–০ গোলটি আসে আর্জেন্টাইন তরুণ ফ্রাঙ্কো মাসতান্তুয়োনোর পা থেকে। ভিনিসিয়ুসের দুর্দান্ত টার্ন ও নিখুঁত পাস কাজে লাগিয়ে নিজের প্রথম চ্যাম্পিয়নস লিগ গোলটি করেন তিনি।
এরপর বাঁ দিক থেকে ভিনিসিয়ুসের ক্রস অজান্তেই থিলো কেরারের গায়ে লেগে জালে জড়ায়—আত্মঘাতী গোল। ৬৩ মিনিটে অবশেষে নিজেও গোলের দেখা পান ভিনিসিয়ুস। আর্দা গুলেরের পাস থেকে বক্সে ঢুকে ডান পায়ের প্রচণ্ড শটে জাল কাঁপান ব্রাজিলিয়ান তারকা।
মোনাকো এক গোল শোধ দেয়, যখন বদলি দানি সেবাইয়োস নিজেদের বক্সে বল হারালে জর্ডান তেজে সুযোগ কাজে লাগান। তবে শেষ কথা বলে রিয়ালই। ম্যাচের দশ মিনিট বাকি থাকতে গোলকিপারকে কাটিয়ে ব্যবধান আবার পাঁচ গোলে নিয়ে যান জুড বেলিংহাম।
এমবি এইচআর

