৪৮ দলের বিশ্বকাপে রেকর্ড পুরস্কার, চ্যাম্পিয়ন পাবে ৬০০ কোটি টাকা

২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য রেকর্ড প্রাইজমানির ঘোষণা দিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী বছর যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর জন্য প্রাইজমানি ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে।

Dec 18, 2025 - 15:24
 0  2
৪৮ দলের বিশ্বকাপে রেকর্ড পুরস্কার, চ্যাম্পিয়ন পাবে ৬০০ কোটি টাকা
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য রেকর্ড প্রাইজমানির ঘোষণা দিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী বছর যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর জন্য প্রাইজমানি ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে।

ঘোষণা অনুযায়ী, বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল পাবে রেকর্ড ৫ কোটি ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬০০ কোটি টাকা। এবারের আসরে অংশগ্রহণকারী ৪৮টি দেশের মধ্যে মোট ৭২ কোটি ৭০ লাখ ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ হাজার ৮৬১ কোটি টাকা প্রাইজমানি হিসেবে বিতরণ করা হবে।

এর মধ্যে পারফরম্যান্সের ভিত্তিতে দেওয়া হবে ৬৫ কোটি ৫০ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ হাজার ৯৮৪ কোটি টাকা)। বাকি প্রায় ৭ কোটি ২০ লাখ ডলার বরাদ্দ থাকবে অংশগ্রহণকারী প্রতিটি দলকে ১৫ লাখ ডলার করে দেওয়ার জন্য, যা দলগুলোর প্রস্তুতিমূলক কার্যক্রম—ভ্রমণ, ট্রেনিং ক্যাম্প ও লজিস্টিকস ব্যয়—মেটাতে সহায়তা করবে।

বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়া দলগুলো পাবে ৯০ লাখ ডলার করে। রানার্সআপ দল পাবে ৩ কোটি ৩০ লাখ ডলার। তৃতীয় ও চতুর্থ স্থান অর্জনকারী দল পাবে যথাক্রমে ২ কোটি ৯০ লাখ ও ২ কোটি ৭০ লাখ ডলার।

এর আগে কাতারে অনুষ্ঠিত ২০২২ বিশ্বকাপে শিরোপা জিতে আর্জেন্টিনা পেয়েছিল ৪ কোটি ২০ লাখ ডলার। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে চ্যাম্পিয়ন ফ্রান্সের প্রাইজমানি ছিল ৩ কোটি ৮০ লাখ ডলার। ফিফা ১৯৮২ সাল থেকে বিশ্বকাপের প্রাইজমানির হিসাব প্রকাশ করে আসছে। সে বছর ইতালি বিশ্বকাপ জিতে পেয়েছিল মাত্র ২২ লাখ ডলার।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘এই প্রাইজমানি প্রমাণ করে যে বিশ্বকাপ বিশ্ব ফুটবল সম্প্রদায়ের জন্য আর্থিকভাবে এক নতুন দিগন্ত উন্মোচন করতে যাচ্ছে।’

এদিকে, টিকিটের অতিরিক্ত দামের কারণে সম্প্রতি বিতর্কে পড়ে ২০২৬ বিশ্বকাপ। সমর্থকদের প্রতিবাদের মুখে ফিফা কিছু টিকিটের দাম কমিয়ে ৬০ ডলারে নির্ধারণ করে। এর মধ্যেই ফিফা কাউন্সিল থেকে রেকর্ড পুরস্কার তহবিলের ঘোষণা এলো।

২০২৬ ফিফা বিশ্বকাপ শুরু হবে ১১ জুন। ৪৮টি দল নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মেক্সিকো সিটিতে স্বাগতিক মেক্সিকোর মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়া।

এমবি এইচআর