গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করে এবং ১৩ ফেব্রুয়ারি ঘোষিত ফলাফল বাতিলের আবেদন জানিয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব ও আইন মন্ত্রণালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করে এবং ১৩ ফেব্রুয়ারি ঘোষিত ফলাফল বাতিলের আবেদন জানিয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব ও আইন মন্ত্রণালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে রিটটি দায়ের করেন আইনজীবী এ বি এম আতাউল মজিদ তৌহিদ। তিনি জানান, আগামী সপ্তাহে বিচারপতি ফাতেমা নজীব-এর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিটের শুনানি হতে পারে।
রিটে উল্লেখ করা হয়েছে, গণভোট প্রক্রিয়ায় বিভিন্ন ধরনের অনিয়ম ও বিধি লঙ্ঘন ঘটেছে। এসব কারণে ঘোষিত ফলাফল যথাযথ ও বৈধ নয় বলে দাবি করা হয়। রিটকারী হাইকোর্টের কাছে ফলাফল বাতিল এবং পুরো নির্বাচনি প্রক্রিয়া পুনর্বিবেচনার নির্দেশনা চেয়েছেন।
আইনজীবী তৌহিদ বলেন, রাজনৈতিক ও সামাজিক স্বার্থে এ রিট দায়ের করা হয়েছে। জনগণের সুষ্ঠু ও ন্যায্য গণভোটের অধিকার সুরক্ষিত রাখতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। তার ভাষ্য, গণভোট প্রক্রিয়া যদি অনিয়মমুক্ত না হয়, তবে তার ফলাফলও বৈধ হিসেবে গণ্য হতে পারে না।
রিটে আরও বলা হয়েছে, নির্বাচন কমিশনকে এ বিষয়ে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হোক এবং প্রক্রিয়াগত ত্রুটি ও অনিয়ম বিবেচনায় নিয়ে ফলাফল পুনর্মূল্যায়নের ব্যবস্থা গ্রহণ করা হোক। একই সঙ্গে ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণার ক্ষেত্রে স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করা হয়েছে।
এমবি এইচআর

