ধর্ম অবমাননার অভিযোগে শিশির মনিরের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

জামায়াত নেতা, সুপ্রিম কোর্টের আইনজীবী এবং সুনামগঞ্জ-২ আসনের মনোনয়নপ্রত্যাশী শিশির মনিরের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। রোববার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ নির্দেশ দেন।

Dec 7, 2025 - 20:17
 0  2
ধর্ম অবমাননার অভিযোগে শিশির মনিরের বিরুদ্ধে তদন্তের নির্দেশ
ছবি সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

জামায়াত নেতা, সুপ্রিম কোর্টের আইনজীবী এবং সুনামগঞ্জ-২ আসনের মনোনয়নপ্রত্যাশী শিশির মনিরের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। রোববার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ নির্দেশ দেন।

ঢাকা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট রিদওয়ান হোসেন রবিন আদালতে মামলার আবেদন করেন। বাদীর জবানবন্দি গ্রহণের পর আদালত আদেশ অপেক্ষমাণ রেখে পরে বিকেলে অভিযোগের বিষয়ে ডিবি পুলিশকে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী নাজমুল তালুকদার।

মামলায় অভিযোগ করা হয়, শিশির মনির একটি ইউটিউব চ্যানেলে ‘রোজা ও পূজাকে একই মুদ্রার এপিঠ-ওপিঠ’ বলে মন্তব্য করেন, যা অভিযোগকারী পক্ষের দাবি অনুযায়ী ইসলামী বিশ্বাসের প্রতি অবমাননাকর। অভিযোগে বলা হয়, মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং সামাজিক উত্তেজনা ছড়ানোর উদ্দেশ্যে তিনি ইচ্ছাকৃতভাবে এ মন্তব্য করেছেন।

আবেদনে উল্লেখ করা হয়, ইসলাম ধর্মে আল্লাহর নিরাকার স্বরূপে বিশ্বাস এবং রোজার আধ্যাত্মিক তাৎপর্যের সঙ্গে হিন্দু ধর্মের পূজা-পার্বণকে তুলনা করাকে ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী আচরণ হিসেবে দেখা হয়েছে। অভিযোগকারী জানায়, এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হয়ে ধর্মীয় উত্তেজনা সৃষ্টি করেছে।

আদালত অভিযোগের সত্যতা যাচাইয়ে ডিবিকে তদন্ত করতে নির্দেশ দেন। তদন্ত প্রতিবেদন দাখিলের পর পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

এমবি এইচআর