সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে: তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে রীট

একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। রিটে ১১ ডিসেম্বর জারি করা তফসিল বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিতের পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকার গঠন করে নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণার নির্দেশনা চাওয়া হয়েছে।

Jan 5, 2026 - 18:25
 0  2
সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে: তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে রীট
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। রিটে ১১ ডিসেম্বর জারি করা তফসিল বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিতের পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকার গঠন করে নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণার নির্দেশনা চাওয়া হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ রিটটি দায়ের করেন। এতে প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিবাদী করা হয়েছে।

রিট আবেদনটি আগামী সপ্তাহে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন করা হতে পারে।

রিটে উল্লেখ করা হয়, সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো বিধান নেই। ফলে এমন সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজন সংবিধানসম্মত নয়। আবেদনকারী পক্ষের দাবি অনুযায়ী, নির্বাচন কেবল তত্ত্বাবধায়ক সরকার অথবা নির্বাচিত সরকারের অধীনেই অনুষ্ঠিত হতে পারে।

এ বিষয়ে এখন পর্যন্ত নির্বাচন কমিশন বা সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। আদালতের আদেশ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সময়সূচি ও প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।

এমবি এইচআর