‘গানবাংলার’ তাপসের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা, পরিবারের আয়কর নথি জব্দের নির্দেশ
বেসরকারি টেলিভিশন চ্যানেল গানবাংলার ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। একইসঙ্গে তাপস ও তার স্ত্রী ফারজানা মুন্নীর আয়কর নথি জব্দের নির্দেশও দেওয়া হয়েছে।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
বেসরকারি টেলিভিশন চ্যানেল গানবাংলার ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। একইসঙ্গে তাপস ও তার স্ত্রী ফারজানা মুন্নীর আয়কর নথি জব্দের নির্দেশও দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।
এদিন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) উপপরিদর্শক মেহেদী হাসান আদালতে পৃথক দুটি আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, কৌশিক হোসেন তাপসের বিরুদ্ধে মানি লন্ডারিং সংক্রান্ত অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে এবং তার বিরুদ্ধে সাক্ষ্যপ্রমাণ সংগ্রহ করা হচ্ছে।
আবেদনে আরও বলা হয়, অনুসন্ধান চলাকালে তিনি বিদেশে চলে গেলে তদন্ত ও বিচার প্রক্রিয়া ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে তার বিদেশ গমন রোধে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার আবেদন জানানো হয়।
অনুসন্ধানের অংশ হিসেবে তাপস ও তার পরিবারের স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। সংশ্লিষ্ট দপ্তরগুলো থেকে তথ্য পাওয়া গেলেও জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) একাধিকবার চিঠি দেওয়ার পরও আয়কর সংক্রান্ত নথি পাওয়া যায়নি বলে আবেদনে উল্লেখ করা হয়।
সুষ্ঠু তদন্তের স্বার্থে তাপস, তার স্ত্রী ও সন্তানদের নামে থাকা আয়কর নথি পর্যালোচনা প্রয়োজন উল্লেখ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী আদালতে শুনানি করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে প্রয়োজনীয় আদেশ দেন।
এমবি এইচআর

