এমপি প্রার্থীর কাছ থেকে টাকা হাতিয়েও প্রতারণা, দিনাজপুরে আটক ২
দিনাজপুরে পুলিশ সুপারের নাম ব্যবহার করে দুজন প্রতারক রাজনৈতিক ব্যক্তিদের কাছ থেকে দুই লাখ টাকা হাতিয়ে নেয়। তাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
দিনাজপুরে পুলিশ সুপারের নাম ব্যবহার করে দুজন প্রতারক রাজনৈতিক ব্যক্তিদের কাছ থেকে দুই লাখ টাকা হাতিয়ে নেয়। তাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। প্রতারণার শিকার দুই ব্যক্তি হলেন—দিনাজপুর জেলা বিএনপির সহসভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী হাফিজুর রহমান সরকার এবং দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আখতারুজ্জামান মিয়া।
গ্রেপ্তারকৃতরা হলেন জুনাইদ খন্দকার (২৪) ও মো. হিমেল (২২)। তারা পুলিশ সুপারের ছবি যুক্ত নম্বর থেকে হোয়াটসঅ্যাপে কল করে নিজেদেরকে দিনাজপুর পুলিশ সুপার পরিচয় দিয়ে ভোটকালীন সময়ে পুলিশ বক্স স্থাপনের জন্য অর্থ সহায়তা দাবি করে।
প্রতারণার কথা বিশ্বাস করে দুই রাজনৈতিক ব্যক্তি বিকাশে দুই লাখ টাকা প্রদান করেন। পরে পুনরায় টাকা চাওয়ায় সন্দেহ হলে বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে গাজীপুর ও ময়মনসিংহ থেকে প্রতারকদের গ্রেপ্তার করে।
অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, এই চক্রটি দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে আছে এবং তারা নানা কৌশলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে।
প্রতারণার শিকার বিএনপি নেতা হাফিজুর রহমান বলেন, ‘পুলিশ সুপারের নম্বর থেকে ফোন পেয়ে আমি প্রথমে বিশ্বাস করেছিলাম। পরে সন্দেহ হওয়ায় ফোন বন্ধ করে দিয়েছি।’
এ বিষয়ে দিনাজপুর চিরিরবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার প্রতারকদের তথ্য থেকে চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এমবি এইচআর

