স্বাধীনতাবিরোধীদের ক্ষমা চাওয়ার দাবিতে ছাত্রদলের গণস্বাক্ষর

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানসহ সব স্বাধীনতাবিরোধী শক্তির নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবিতে সাতক্ষীরায় গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে ছাত্রদল। আজ বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এ কর্মসূচির আয়োজন করে সাতক্ষীরা শহর ছাত্রদল।

Dec 17, 2025 - 17:05
 0  3
স্বাধীনতাবিরোধীদের ক্ষমা চাওয়ার দাবিতে ছাত্রদলের গণস্বাক্ষর
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানসহ সব স্বাধীনতাবিরোধী শক্তির নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবিতে সাতক্ষীরায় গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে ছাত্রদল। আজ বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এ কর্মসূচির আয়োজন করে সাতক্ষীরা শহর ছাত্রদল।

সাতক্ষীরা শহর ছাত্রদলের সদস্যসচিব মো. শাহিন ইসলামের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মেহেদি হাসান, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মাসুদুল আলম, সাতক্ষীরা দিবা-নৈশ কলেজ শাখা ছাত্রদলের সদস্যসচিব তামিম রশিদ, সাবেক কুশখালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ফারুক হোসেন সোহাগসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ইউনিটের নেতাকর্মীরা।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা স্বাধীনতাবিরোধীদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং সাধারণ মানুষের কাছ থেকে স্বাক্ষর সংগ্রহ করেন। গণস্বাক্ষর কর্মসূচিতে শিক্ষার্থী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

শহর ছাত্রদলের সদস্যসচিব মো. শাহিন ইসলাম বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা যে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করেছে, তার জন্য তারা আজও জাতির কাছে ক্ষমা চায়নি। ইতিহাসের এই দায় এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।

তিনি আরও বলেন, এই গণস্বাক্ষর কর্মসূচির মাধ্যমে স্বাধীনতাবিরোধী সব শক্তিকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার জোর দাবি জানানো হচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে এবং ইতিহাস বিকৃতির বিরুদ্ধে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হতে হবে।

এমবি এইচআর