লক্ষ্মীপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ দুই সন্ত্রাসী আটক

লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে ৫টি আগ্নেয়াস্ত্র ও ১৬টি কার্তুজসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নে এই অভিযান পরিচালনা করা হয়।

Dec 13, 2025 - 11:52
 0  2
লক্ষ্মীপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ দুই সন্ত্রাসী আটক
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে ৫টি আগ্নেয়াস্ত্র ও ১৬টি কার্তুজসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নে এই অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—বশিকপুর ইউনিয়নের বিরাহিমপুর গ্রামের মৃত সুলতান আহমদের ছেলে আলাউদ্দিন এবং লক্ষ্মীপুর পৌর শহরের সমসেরাবাদ এলাকার মৃত সৈয়দ আহমেদের ছেলে পারভেজ। সেনাবাহিনী সূত্র জানায়, আলাউদ্দিনের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি ও মাদকসহ বিভিন্ন অভিযোগে কমপক্ষে ১৮টি মামলা রয়েছে।

সেনাবাহিনী জানায়, সদর উপজেলা সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত লেফটেন্যান্ট ইমতিয়াজ হোসেনের নেতৃত্বে মধ্যরাতে আলাউদ্দিনের ভাড়া বাসায় অভিযান চালানো হয়। এ সময় আলাউদ্দিন ও পারভেজকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। অভিযানে একটি বিদেশি রিভলবার, চারটি দেশীয় এলজি, ছয় রাউন্ড রিভলবার কার্তুজ এবং ১০ রাউন্ড এলজি কার্তুজ জব্দ করা হয়।

অভিযানকালে বাসায় থাকা আরও তিনজন পালিয়ে যায়। তারা হলেন—বিরাহিমপুর গ্রামের জোবায়ের হোসেন শান্ত, ইকবাল এবং কাশিপুর গ্রামের ছোট ইউসুফ। তাদের বিরুদ্ধেও বিভিন্ন মামলার তথ্য রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

লক্ষ্মীপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মো. রাহাত খান বলেন, সন্ত্রাসবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। পালিয়ে যাওয়া তিনজনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।

এমবি এইচআর