চানখারপুল হত্যাকাণ্ড: সাবেক ডিএমপি কমিশনারসহ তিনজনের ফাঁসি

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় সাবেক ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমানসহ তিন পুলিশ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

Jan 26, 2026 - 13:16
 0  2
চানখারপুল হত্যাকাণ্ড: সাবেক ডিএমপি কমিশনারসহ তিনজনের ফাঁসি
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় সাবেক ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমানসহ তিন পুলিশ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২৬ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর দুই কর্মকর্তা হলেন—ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী এবং রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম।

রায়ে মামলার অন্য আসামিদের মধ্যে রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুলকে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। শাহবাগ থানার সাবেক পুলিশ পরিদর্শক (অপারেশন) আরশাদ হোসেনকে চার বছরের কারাদণ্ড এবং একই থানার তিন পুলিশ কনস্টেবল মো. সুজন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলামকে তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়।

এই মামলায় মোট আটজন আসামি রয়েছেন। এর মধ্যে শাহবাগ থানার তৎকালীন পরিদর্শক (অপারেশন) মো. আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন ও মো. নাসিরুল ইসলাম গ্রেপ্তার অবস্থায় রয়েছেন এবং রায় ঘোষণার সময় তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।

অন্যদিকে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম ও সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল রায়ের সময় পলাতক ছিলেন।

আদালত রায়ে বলেন, গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত এই হত্যাকাণ্ড মানবতাবিরোধী অপরাধের শামিল এবং এর মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার ও গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেছে।

এমবি এইচআর