নোয়াখালীতে ব্যবসায়ীকে গুলি করে মোটরসাইকেল ও টাকার ব্যাগ ছিনতাই

নোয়াখালীর সদর উপজেলায় সাদ্দাম হোসেন (২৭) নামে এক মোবাইল ব্যবসায়ীকে গুলি করে মোটরসাইকেল, মোবাইল ফোন ও টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

Dec 4, 2025 - 13:48
 0  2
নোয়াখালীতে ব্যবসায়ীকে গুলি করে মোটরসাইকেল ও টাকার ব্যাগ ছিনতাই
ছবি সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

নোয়াখালীর সদর উপজেলায় সাদ্দাম হোসেন (২৭) নামে এক মোবাইল ব্যবসায়ীকে গুলি করে মোটরসাইকেল, মোবাইল ফোন ও টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার (৩ ডিসেম্বর) রাত ১২টার দিকে দাদপুর ইউনিয়নের বারাইপুর গ্রামের লেদু মিয়ারগো বাড়ির সামনে সড়কে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ সাদ্দাম হোসেন স্থানীয় খলিফারহাট বাজারের দুইটি মোবাইল দোকানের মালিক এবং একই গ্রামের মৃত শাহ আলম মেম্বারের ছেলে।

ঘটনা সম্পর্কে সাদ্দামের বড় ভাই মো. লিটন জানান, প্রতিদিনের মতো সাদ্দাম রাত সাড়ে ১১টার দিকে দোকান বন্ধ করে মোটরসাইকেলে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেন। বারাইপুর গ্রামে স্পিড ব্রেকারের কাছে মোটরসাইকেলের গতি কমালে দুর্বৃত্তরা তার পথরোধ করে। এসময় তিনি পালানোর চেষ্টা করলে পিছন দিক থেকে তার পিঠে গুলি ছোড়া হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে সুধারাম থানার ওসি মো. কামরুল ইসলাম বলেন, ঘটনাটি তার জানা নেই। এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগও দেয়নি বলেও জানান তিনি।

এমবি এইচআর