নারায়ণগঞ্জে তালিমের নামে নারীদের নিয়ে নির্বাচনী প্রচারণা, প্রার্থীকে জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের বাংলাদেশ ইসলামী আন্দোলন সমর্থিত সংসদ সদস্য প্রার্থী গোলাম মসীহকে ভ্রাম্যমাণ আদালত ১০ হাজার টাকা জরিমানা করেছেন।

Jan 10, 2026 - 18:32
 0  3
নারায়ণগঞ্জে তালিমের নামে নারীদের নিয়ে নির্বাচনী প্রচারণা, প্রার্থীকে জরিমানা
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের বাংলাদেশ ইসলামী আন্দোলন সমর্থিত সংসদ সদস্য প্রার্থী গোলাম মসীহকে ভ্রাম্যমাণ আদালত ১০ হাজার টাকা জরিমানা করেছেন।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে সোনারগাঁও পৌরসভার আদমপুর মুন্সীরাইল এলাকায় প্রার্থীর নিজ বাসভবনে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম এ অভিযান পরিচালনা করেন।

জানা গেছে, তালিমের নামে প্রার্থীর স্ত্রী কয়েকশ নারীকে ডেকে এনে হাতপাখা প্রতীকে ভোট চাওয়ার প্রচারণা চালাচ্ছিলেন। ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে গিয়ে কার্যক্রম পর্যবেক্ষণ করে, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়।

প্রার্থী গোলাম মসীহকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।

স্থানীয়রা অভিযোগ করেন, ধর্মীয় আবেগকে পুঁজি করে নারীদের ব্যবহার করে ভোট প্রচারণা করার এই কৌশল রাজনীতির নৈতিকতাকেই প্রশ্নবিদ্ধ করছে।

গোলাম মসীহ বলেন, "আমার বাড়িতে ইসলামী তালিম হচ্ছিল। অন্য প্রার্থীরা প্রচারণা করলে দোষ নেই, আমি করলে কেন?"

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম বলেন, "গোপনে নারীদের নিয়ে নির্বাচনী প্রচারণার তথ্য পেয়ে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেয়েছি। এটি নির্বাচনী আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন।"

গোলাম মসীহ সাবেক সৌদি রাষ্ট্রদূত ও জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য ছিলেন।

এমবি এইচআর