রংপুর–নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ
নীলফামারীর এক শ্রমিক নেতাকে মারধরের প্রতিবাদে রংপুর বাস মিনিবাস মালিক সমিতির অধীন নীলফামারীর সব রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
নীলফামারীর এক শ্রমিক নেতাকে মারধরের প্রতিবাদে রংপুর বাস মিনিবাস মালিক সমিতির অধীন নীলফামারীর সব রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) সকাল থেকে রংপুর–নীলফামারী–সৈয়দপুর–কিশোরগঞ্জ–জলঢাকা–ডিমলা–ডোমার রুটে কোনো বাসই চলাচল করছে না। তবে ঢাকাগামী এবং অন্যান্য জেলা (দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়) রুটের বাস স্বাভাবিক রয়েছে।
এর আগে শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম এ ঘোষণা দেন।
জানা যায়, কিশোরগঞ্জ উপজেলার মাগুরা বাস শ্রমিক ইউনিয়নের উপকমিটির দপ্তর সম্পাদক সফিকুল ইসলামের সঙ্গে শ্রমিকদের পাওনা নিয়ে আর্থিক লেনদেনসংক্রান্ত বিরোধের জেরে রংপুর বাস মিনিবাস মালিক সমিতির কয়েকজন নেতাকর্মী তাকে লাঞ্ছিত করেন। বিষয়টি নীলফামারী জেলা শ্রমিক ইউনিয়নকে জানানো হলে তারা বিচার না হওয়া পর্যন্ত রংপুর জেলা সমিতির বাস বন্ধের সিদ্ধান্ত নেন।
বাস বন্ধ থাকায় নীলফামারী ও আশপাশের রুটে যাত্রীদের ভোগান্তি বাড়ছে। ইউনিয়নের নেতারা জানান, শ্রমিকদের ওপর হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ, নিরাপত্তা নিশ্চিতকরণ ও ন্যায্য পাওনা আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন তারা।
নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, “আমাদের শ্রমিকদের ওপর হামলা হলে কাউকে ছাড় দেওয়া হবে না। সঠিক বিচার না হওয়া পর্যন্ত রংপুর মালিক সমিতির কোনো বাস নীলফামারী দিয়ে চলতে দেব না।”
এমবি এইচআর

