সাকিবকে জাতীয় দলে ফেরানো নিয়ে বিসিবির আলোচনা অব্যাহত
দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। রাজনৈতিক কারণে সাবেক এই টাইগার অধিনায়কের দেশে ফেরাও হয়নি।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। রাজনৈতিক কারণে সাবেক এই টাইগার অধিনায়কের দেশে ফেরাও হয়নি। তবে বাংলাদেশ দলের আসন্ন সিরিজগুলোতে তাকে ফের বিবেচনায় নেওয়ার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভেতরে আলোচনা চলছে বলে জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।
গত শনিবার এক সংবাদ সম্মেলনে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ও পরিচালক আমজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সাকিবকে জাতীয় দলে ফেরানো এবং দেশের মাটিতে তাকে সম্মানজনকভাবে অবসর দেওয়ার সুযোগ তৈরির বিষয়ে বিসিবি সরকারকে অবহিত করেছে। এ ছাড়া বোর্ডের পক্ষ থেকে সরাসরি সাকিবের সঙ্গেও আলোচনা শুরু হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবি পরিচালক আমজাদ হোসেন বলেন,
‘জি, আলোচনা চলমান আছে। সাকিবের সঙ্গে যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে।’
এর আগে সংবাদ সম্মেলনে তিনি বলেন,
‘বোর্ডে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে—সাকিব আল হাসানের অ্যাভেইলিবিলিটি, ফিটনেস ও এক্সেসিবিলিটি বিবেচনায় রেখে, যেখানে খেলা হবে সেখানে উপস্থিত থাকার সক্ষমতা থাকলে বোর্ড বা নির্বাচক প্যানেল তাকে ভবিষ্যতে নির্বাচনের জন্য অবশ্যই বিবেচনা করবে।’
তিনি আরও জানান, বিভিন্ন আন্তর্জাতিক ও গ্লোবাল টুর্নামেন্টে সাকিবের অংশগ্রহণের ক্ষেত্রেও বিসিবি প্রয়োজন অনুযায়ী অনাপত্তিপত্র (এনওসি) দেবে।
এদিকে বিসিবি আবারও সাকিব আল হাসানকে কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব দিয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে থাকা মামলাসহ আইনি বিষয়গুলো নিয়েও সরকারের সঙ্গে আলোচনা করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে বোর্ড।
সব মিলিয়ে জাতীয় দলের অন্যতম সেরা এই অলরাউন্ডারের আন্তর্জাতিক ক্রিকেটে ভবিষ্যৎ এবং জাতীয় দলে সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে ইতিবাচক অগ্রগতি হচ্ছে বলেই ইঙ্গিত দিচ্ছে বিসিবি।
এমবি এইচআর

