আয়ারল্যান্ডকে গ্রুপ না বদলানোর আশ্বাস আইসিসির, চেষ্টা চালাচ্ছে বিসিবি
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের গ্রুপ পরিবর্তন না করার বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে আশ্বাস পেয়েছে আয়ারল্যান্ড। ক্রিকেট আয়ারল্যান্ড (সিআই) বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে ভারতীয় ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজ।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের গ্রুপ পরিবর্তন না করার বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে আশ্বাস পেয়েছে আয়ারল্যান্ড। ক্রিকেট আয়ারল্যান্ড (সিআই) বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে ভারতীয় ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজ।
তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র জানায়, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম আয়ারল্যান্ডকে রাজি করানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আইসিসিতে দীর্ঘদিন কাজ করার সুবাদে তাঁর সঙ্গে আইরিশ ক্রিকেটের শীর্ষ কর্মকর্তাদের ব্যক্তিগত যোগাযোগ রয়েছে। সেই সূত্র ধরেই তিনি গতকাল রাত থেকেই আলোচনা শুরু করেছেন বলে জানা গেছে।
আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ডের গ্রুপ পর্বের সব ম্যাচ শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা। অন্যদিকে বাংলাদেশ ‘সি’ গ্রুপে থেকে গ্রুপ পর্বের চার ম্যাচের মধ্যে তিনটি কলকাতায় এবং একটি মুম্বাইয়ে খেলার সূচি পেয়েছে। নিরাপত্তা শঙ্কার কারণে ভারতীয় ভেন্যুতে খেলতে অনিচ্ছা প্রকাশ করেছে বাংলাদেশ সরকার ও বিসিবি। এ কারণে ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবি তোলে বিসিবি।
এই পরিস্থিতিতে গতকাল ঢাকায় অনুষ্ঠিত আইসিসি–বিসিবি বৈঠকে সমাধান হিসেবে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের গ্রুপ অদলবদলের প্রস্তাব আলোচনায় আসে। বৈঠকে আইসিসির ইন্টেগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রিভ উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অন্যান্য বিষয়ের পাশাপাশি ন্যূনতম লজিস্টিক পরিবর্তনের মাধ্যমে বিষয়টি সহজতর করার উপায় হিসেবে বাংলাদেশকে অন্য গ্রুপে সরিয়ে নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।’ তবে তখন কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
এর মধ্যেই ক্রিকেট আয়ারল্যান্ডের এক কর্মকর্তা ক্রিকবাজকে দেওয়া বক্তব্যে বলেন, ‘আমরা সুনির্দিষ্ট আশ্বাস পেয়েছি যে মূল সূচিতে আমাদের কোনো পরিবর্তন হবে না। আমরা নিশ্চিতভাবেই শ্রীলঙ্কায় গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলব।’
এদিকে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বিসিবি শ্রীলঙ্কায় খেলতে চেয়ে আয়ারল্যান্ডের সঙ্গে ভেন্যু ও গ্রুপ অদলবদলের প্রস্তাব দিয়েছে। তবে লজিস্টিক জটিলতা এবং টুর্নামেন্ট কাঠামো বদলের ঝামেলার কারণে আইসিসি এই প্রস্তাব নিয়ে দ্বিধায় রয়েছে।
এমবি এইচআর

