অলিম্পিকে ট্র্যাক নয়, ক্রিকেট খেলতে চান উসাইন বোল্ট
জ্যামাইকার স্প্রিন্টিং কিংবদন্তি উসাইন বোল্ট আবারও অলিম্পিকে ফিরতে চান। তবে এবার তাঁর লক্ষ্য ট্র্যাক নয়, ক্রিকেট মাঠ। ১২৮ বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট, আর ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিককে সামনে রেখে ব্যাট ও বল হাতে নিজের দেশকে প্রতিনিধিত্ব করার আগ্রহের কথা জানিয়েছেন বিশ্বের দ্রুততম মানব।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
জ্যামাইকার স্প্রিন্টিং কিংবদন্তি উসাইন বোল্ট আবারও অলিম্পিকে ফিরতে চান। তবে এবার তাঁর লক্ষ্য ট্র্যাক নয়, ক্রিকেট মাঠ। ১২৮ বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট, আর ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিককে সামনে রেখে ব্যাট ও বল হাতে নিজের দেশকে প্রতিনিধিত্ব করার আগ্রহের কথা জানিয়েছেন বিশ্বের দ্রুততম মানব।
লস অ্যাঞ্জেলেস অলিম্পিক (এলএ২৮) অনুষ্ঠিত হবে ১২ থেকে ২৯ জুলাই ২০২৮ পর্যন্ত। এই আসরে পুরুষ ও নারী বিভাগে ক্রিকেট অন্তর্ভুক্ত থাকায় নতুন করে আলোচনায় এসেছেন বোল্ট। ক্রিকেটপাগল ক্যারিবিয়ান অঞ্চলে বেড়ে ওঠা বোল্টের প্রথম ভালোবাসা ছিল ক্রিকেটই। ছোটবেলায় তিনি ফাস্ট বোলার হতে চেয়েছিলেন। হাইস্কুলে পড়ার সময় তাঁর ক্রিকেট কোচই তাঁকে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে চেষ্টা করতে উৎসাহ দেন। সেই সিদ্ধান্তই বদলে দেয় ক্রীড়া ইতিহাস, যদিও ক্রিকেটের প্রতি ভালোবাসা কখনোই আড়াল করেননি বোল্ট।
এস্কোয়ার ম্যাগাজিনে দেওয়া এক সাক্ষাৎকারে মজা করে বোল্ট বলেন, জ্যামাইকার ক্রিকেট কর্তৃপক্ষ যদি ডাক দেয়, তাহলে তিনি প্রস্তুত।
বোল্টের ভাষায়, “আমি পেশাদার খেলাধুলা থেকে সুখেই অবসর নিয়েছি। অনেকদিন ক্রিকেট খেলিনি, কিন্তু যদি তারা ডাকে, আমি প্রস্তুত থাকব!”—বলে হাসেন তিনি।
উসাইন বোল্ট সর্বকালের সেরা স্প্রিন্টার হিসেবে বিশ্বজুড়ে স্বীকৃত। তাঁর অর্জনের ঝুলিতে রয়েছে ৮টি অলিম্পিক স্বর্ণ এবং ১১টি বিশ্ব চ্যাম্পিয়নশিপ স্বর্ণপদক। ২০১৭ সালে তিনি অ্যাথলেটিক্স থেকে অবসর নেন ইতিহাসের সবচেয়ে সফল স্প্রিন্টার হিসেবে। বেইজিং ২০০৮, লন্ডন ২০১২ ও রিও ২০১৬—টানা তিনটি অলিম্পিকেই ১০০ ও ২০০ মিটার ইভেন্টে স্বর্ণ জয়ের অনন্য কীর্তি গড়েন তিনি।
এখনো বোল্টের দখলেই রয়েছে ১০০ মিটারের ৯.৫৮ সেকেন্ড এবং ২০০ মিটারের ১৯.১৯ সেকেন্ডের বিশ্বরেকর্ড, যা তিনি ২০০৯ সালের বার্লিন বিশ্ব চ্যাম্পিয়নশিপে গড়েছিলেন। এক দশকেরও বেশি সময় ধরে এই রেকর্ড অক্ষত রয়েছে।
ক্রিকেটের সঙ্গে বোল্টের যোগাযোগও নতুন নয়। ২০১৪ সালে ভারতে যুবরাজ সিং ও হরভজন সিংয়ের সঙ্গে একটি প্রীতি ক্রিকেট ম্যাচে অংশ নিয়েছিলেন তিনি। সর্বশেষ ২০২৪ সালে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর।
২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটে পুরুষ ও নারী বিভাগে ছয়টি করে দল অংশ নেবে। প্রতিটি টুর্নামেন্টে ৯০ জন ক্রীড়াবিদের কোটা থাকবে এবং প্রতিটি দেশ সর্বোচ্চ ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করতে পারবে। নারী বিভাগের পদক ম্যাচ অনুষ্ঠিত হবে ২০ জুলাই এবং পুরুষদের পদক নির্ধারণী ম্যাচ হবে ২৯ জুলাই।
উল্লেখ্য, অলিম্পিকে ক্রিকেটের প্রথম ও একমাত্র উপস্থিতি ছিল ১৯০০ সালের প্যারিস গেমসে। সেবার এক ম্যাচের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে গ্রেট ব্রিটেন স্বর্ণ জিতেছিল। দীর্ঘ ১২৮ বছর পর সেই ঐতিহাসিক ইভেন্টে ক্রিকেটের প্রত্যাবর্তনকে ঘিরে তাই বাড়ছে কৌতূহল—আর সেই উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছেন উসাইন বোল্ট।
এমবি এইচআর

