আইসিসির অনুরোধ উপেক্ষা করেই অনড় বিসিবি, ভারতে টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ
আইসিসির অনুরোধের পরও ভারতে গিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
আইসিসির অনুরোধের পরও ভারতে গিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে ভারতে খেলতে না যাওয়ার বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে বিসিবি।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে বিসিবি ও আইসিসির মধ্যে অনুষ্ঠিত ভিডিও কনফারেন্সের পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৈঠকে বিসিবির পক্ষে অংশ নেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সহ-সভাপতি সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, পরিচালক ও ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন।
বিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সেখানে দল না পাঠানোর বিষয়ে বোর্ড আগের সিদ্ধান্তেই অনড় রয়েছে। বৈঠকে আইসিসির পক্ষ থেকে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানানো হয় এবং জানানো হয় যে বিশ্বকাপের সূচি ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে। তবে বিসিবি তাদের অবস্থানে কোনো পরিবর্তন আনেনি।
বিসিবি পুনরায় প্রস্তাব দিয়েছে, বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে কোনো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করার জন্য। বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, ক্রিকেটার, কোচিং স্টাফ ও কর্মকর্তাদের নিরাপত্তা ও সুরক্ষাকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
বিসিবি ও আইসিসি আলোচনার মাধ্যমে এই সংকটের সমাধান খুঁজতে সম্মত হয়েছে। আগামী দিনগুলোতেও দুই পক্ষের মধ্যে আলোচনা অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এমবি এইচআর

