ভারতে না যাওয়ার সিদ্ধান্ত: বিশ্বকাপের আগে বিসিবিতে উত্তেজনা

২৪ ঘণ্টার নাটকীয় ঘটনার পর নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

Jan 5, 2026 - 12:05
 0  2
ভারতে না যাওয়ার সিদ্ধান্ত: বিশ্বকাপের আগে বিসিবিতে উত্তেজনা
ছবি সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

২৪ ঘণ্টার নাটকীয় ঘটনার পর নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার পর নেওয়া এই সিদ্ধান্ত টুর্নামেন্ট শুরুর মাত্র এক মাস আগে বাংলাদেশ ক্রিকেটে বড় আলোচনার জন্ম দিয়েছে।

জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবির সাবেক পরিচালক আকরাম খান মনে করেন, খেলোয়াড়দের মানসিক ও শারীরিক নিরাপত্তা বিবেচনায় বিসিবির সিদ্ধান্ত যথাযথ। তার মতে, নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তা থাকলে ক্রিকেটাররা মানসিকভাবে স্বস্তিতে থাকতে পারেন না, যা মাঠের পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

আইপিএলে মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিসিবির এই অবস্থানকে একটি কঠোর বার্তা হিসেবে দেখছেন বিসিবির আরেক সাবেক পরিচালক জালাল ইউনুস। তিনি মনে করেন, ভারতে নিরাপত্তা ঝুঁকির প্রশ্নটি প্রথম তুলেছে ভারতীয় বোর্ডই। ফলে বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে পুরো দল নিয়ে সেখানে যাওয়ার বিষয়টি আরও বেশি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

জালাল ইউনুসের মতে, পাকিস্তানের মতো বাংলাদেশের ক্ষেত্রেও আইসিসির উচিত হাইব্রিড মডেল বিবেচনা করা। তা না হলেও বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের ভারতে না খেলাই যুক্তিসংগত সিদ্ধান্ত।

তবে বিসিবির এই সিদ্ধান্ত নিয়ে ভিন্নমতও রয়েছে। বিসিবির সাবেক পরিচালক ও অভিজ্ঞ ক্রীড়া সংগঠক আহমেদ সাজ্জাদুল আলম মনে করেন, দুই বোর্ডের আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান সম্ভব ছিল। তার মতে, টুর্নামেন্টের এত কাছাকাছি সময়ে এমন সিদ্ধান্ত দীর্ঘ মেয়াদে বাংলাদেশের ক্রিকেটের জন্য ক্ষতিকর হতে পারে।

জাতীয় দলের সাবেক ক্রিকেটার রাজিন সালেহ মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনাকে বাংলাদেশের জন্য অপমান হিসেবে দেখছেন। তার মতে, বিশ্বকাপে ভারতে না যাওয়ার সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশ সেই অসম্মানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

এদিকে বিসিবির সিদ্ধান্তের প্রতিক্রিয়া তৈরি হয়েছে ভারতেও। ভারতের লোকসভার সদস্য ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শশী থারুর সামাজিক যোগাযোগমাধ্যমে এই সিদ্ধান্তকে ভারতের জন্য বিব্রতকর বলে উল্লেখ করেছেন। একই সঙ্গে তিনি মত দিয়েছেন, এই পরিস্থিতির জন্য ভারতীয় পক্ষের দায়ও রয়েছে।

বিশ্বকাপ আয়োজনের সঙ্গে জড়িত সম্প্রচার ও লজিস্টিকস প্রস্তুতি অনেক আগেই সম্পন্ন হয়। ফলে বাংলাদেশ শেষ পর্যন্ত ভারতে না খেললে আইসিসিকে বড় ধরনের ব্যবস্থাপনা চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে।

এমবি এইচআর