মোস্তাফিজ ইস্যুতে বাংলাদেশে আইপিএল সম্প্রচার স্থগিত
বাংলাদেশের তারকা ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাদ দেওয়ার ঘটনায় বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
বাংলাদেশের তারকা ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাদ দেওয়ার ঘটনায় বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সোমবার (৬ জানুয়ারি) এ বিষয়ে সংশ্লিষ্ট সম্প্রচারমাধ্যমগুলোর কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, আগামী ২৬ মার্চ শুরু হতে যাওয়া আইপিএল ক্রিকেটে কলকাতা নাইট রাইডার্স দল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশ নজরে এসেছে। এই সিদ্ধান্তের পেছনে কোনো যৌক্তিক কারণ পাওয়া যায়নি। এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনগণের মধ্যে ক্ষোভ, বেদনা ও হতাশা তৈরি করেছে।
এই পরিস্থিতিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএলের সব ম্যাচ ও সংশ্লিষ্ট অনুষ্ঠান বাংলাদেশে প্রচার ও সম্প্রচার বন্ধ রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে।
মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় এর আগে আইপিএল সম্প্রচার বন্ধের উদ্যোগ নিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টার কাছে অনুরোধ জানানো হয়েছিল। বিষয়টি নিয়ে সরকারিভাবে আইনি ও নীতিগত দিক পর্যালোচনার কথা জানানো হয়। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় শেষ পর্যন্ত সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চলতি মৌসুমে মোস্তাফিজুর রহমানের কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা ছিল। তবে গত ৩ জানুয়ারি ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশের পর তাকে দল থেকে বাদ দেওয়া হয়। এই সিদ্ধান্তের পর বাংলাদেশে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।
এই ঘটনার ধারাবাহিকতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলেও জানা গেছে।
এমবি এইচআর

