‘খুব বিপদে আছি’— নির্বাচনী প্রচারে বাধার অভিযোগ নাসীরুদ্দীন পাটওয়ারীর
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী নির্বাচনী প্রচারণায় বাধা পাওয়ার অভিযোগ তুলে বলেছেন, তিনি বর্তমানে “খুব বিপদে” আছেন।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী নির্বাচনী প্রচারণায় বাধা পাওয়ার অভিযোগ তুলে বলেছেন, তিনি বর্তমানে “খুব বিপদে” আছেন।
তিনি বলেন, দিনের বেলায় কোনো এলাকায় গেলে এক জায়গায় যুবদল, আরেক জায়গায় ছাত্রদলের পরিচয়ে লোকজন এসে তাকে বিভিন্ন বিষয়ে চাপ সৃষ্টি করছে। তবে তাদের পরিচয় জানতে চাইলে কেউ সরাসরি দলের নাম স্বীকার করে না। পরে খোঁজ নিয়ে দেখা যায়, তারা সংশ্লিষ্ট দলগুলোরই নেতাকর্মী।
তিনি অভিযোগ করেন, এমন ঘটনার পর সংশ্লিষ্ট ব্যক্তিদের আর খুঁজে পাওয়া যায় না।
নাসীরুদ্দীন পাটওয়ারী নির্বাচিত হলে ঢাকা-৮ আসনকে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও আদর্শ নগরীতে রূপান্তরের প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য নিরাপদ আবাসন, পুষ্টিকর খাবার ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা হবে এবং শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি বাণিজ্য বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, পিজি ও বারডেম হাসপাতালে প্রতিদিন বিপুলসংখ্যক রোগী ও স্বজনদের আগমন ঘটে, কিন্তু সেখানে মানসম্মত খাবার ও থাকার পর্যাপ্ত ব্যবস্থা নেই। এ সমস্যার সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়া হবে।
রমনা ও শাহজাহানপুর এলাকায় দীর্ঘদিনের পানি, বিদ্যুৎ, সড়ক ও মাদক সমস্যার স্থায়ী সমাধানের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, দখল হয়ে থাকা সরকারি জমি উদ্ধার করে শিশুদের জন্য খেলার মাঠ ও প্রবীণদের জন্য হাঁটার পার্ক গড়ে তোলা হবে।
এ ছাড়া তিনি কাঁচাবাজার আধুনিকীকরণ, বহুতল মার্কেট নির্মাণ, নারীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, যানজট কমানো এবং পরিবেশ দূষণ রোধে কাজ করার অঙ্গীকারও করেন।
সমালোচনার প্রসঙ্গে তিনি বলেন, অনেকে অভিযোগ করেন তিনি শুধু প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে সমালোচনা করেন। তাই তিনি নিজের উন্নয়ন পরিকল্পনা জনসমক্ষে তুলে ধরেছেন এবং ভোটারদের এগুলো বিবেচনায় নেওয়ার আহ্বান জানান।
এমবি এইচআর

