৪০ ফুট গর্ত খনন—তবুও মেলেনি নিখোঁজ শিশুর সন্ধান
রাজশাহীর তানোরে গভীর নলকূপের পরিত্যক্ত বোরিং গর্তে পড়ে নিখোঁজ হওয়া দুই বছরের শিশু স্বাধীনকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরে গভীর নলকূপের পরিত্যক্ত বোরিং গর্তে পড়ে নিখোঁজ হওয়া দুই বছরের শিশু স্বাধীনকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। টানা সারারাত চেষ্টা চালিয়েও ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত শিশুটির অবস্থান নিশ্চিত করতে পারেনি। তিনটি এক্সকাভেটর দিয়ে গর্তের পাশে প্রায় ৪০ ফুট গভীর একটি বিকল্প গর্ত তৈরি করলেও মূল গর্তে পৌঁছাতে উদ্ধারকাজ চলছে ধীরগতিতে।
গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে স্বাধীন তার মায়ের হাত ধরে ধানের ক্ষেতে হাঁটার সময় হঠাৎ মাটির নিচে তলিয়ে যাওয়া পরিত্যক্ত বোরিং গর্তে পড়ে যায়। নিখোঁজ স্বাধীন কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের রাকিবের ছেলে, যিনি ঢাকার একটি জুট মিলে ব্যবস্থাপক হিসেবে কর্মরত।
শুরুতে গর্তের ভেতর থেকে শিশুটির ক্ষীণ সাড়া পাওয়া গেলেও পরে তা বন্ধ হয়ে যায়। খবর ছড়িয়ে পড়লে বিকেল থেকেই হাজারো মানুষ ঘটনাস্থলে জড়ো হন, যার কারণে উদ্ধারকাজে বারবার বাধা সৃষ্টি হয় বলে ফায়ার সার্ভিস জানায়। ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সসহ জীবন রক্ষাকারী সব সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে।
স্থানীয়দের দাবি, এলাকাটিতে ভূগর্ভস্থ পানির স্তর অত্যন্ত নিচে নেমে যাওয়ায় নতুন গভীর নলকূপ বসানোর ওপর নিষেধাজ্ঞা রয়েছে। তবুও স্থানীয় এক ব্যক্তি পরীক্ষামূলকভাবে বোরিং খনন করে পরে তা ভরাট করেন। বর্ষায় ভরাট মাটি বসে গিয়ে আবারও গভীর গর্তের সৃষ্টি হয় এবং সেখানেই পড়ে যায় শিশু স্বাধীন।
ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা জানান, ৪০ ফুট গভীর পর্যায়ে এখনও শিশুটিকে পাওয়া যায়নি। গর্তের চার ফুট দূরত্বে একটি টানেল নির্মাণ করে অনুসন্ধান চালানো হচ্ছে। তবুও শিশুটির উপস্থিতি নিশ্চিত হওয়া যায়নি। শিশুটি আরও গভীরে আটকে থাকলে বিকল্প পদ্ধতিতে অনুসন্ধানের কথা ভাবছে ফায়ার সার্ভিস, যদিও এতে শিশুটিকে জীবিত পাওয়ার সম্ভাবনা অত্যন্ত কম হয়ে যাবে বলে জানানো হয়েছে।
উদ্ধার অভিযান অব্যাহত আছে এবং প্রতিটি মুহূর্তই স্থানীয়দের উদ্বেগ বাড়িয়ে দিচ্ছে।
এমবি এইচআর

