বাসচালকের সাহসিকতায় রক্ষা পেল যাত্রীরা, নিহত পিকআপ চালক
সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের বুরাইরগাঁও এলাকায় যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপের চালক নিহত হয়েছেন। তবে দ্রুত সিদ্ধান্ত ও সাহসিকতার কারণে বাসচালকের বুদ্ধিতে অক্ষত প্রাণে রক্ষা পেয়েছেন বাসের সব যাত্রী।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের বুরাইরগাঁও এলাকায় যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপের চালক নিহত হয়েছেন। তবে দ্রুত সিদ্ধান্ত ও সাহসিকতার কারণে বাসচালকের বুদ্ধিতে অক্ষত প্রাণে রক্ষা পেয়েছেন বাসের সব যাত্রী।
শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে সুনামগঞ্জগামী এনা পরিবহনের একটি এসি বাস বুরাইরগাঁও এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের মুহূর্তে বাসচালক যাত্রীদের প্রাণ বাঁচাতে বাসটি সড়কের পাশের একটি খালে নামিয়ে দেন। এতে বাসে থাকা সব যাত্রী অক্ষত থাকলেও চালক নিজে মারাত্মকভাবে আহত হন। দুর্ঘটনার পর তিনি চালকের সিটে আটকে পড়েন। পরে স্থানীয় লোকজন ও উদ্ধারকারী দল তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।
দুর্ঘটনায় পিকআপটির চালক ঘটনাস্থলেই মারা যান। নিহতের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
জয়কলস পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী জানান, আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমবি এইচআর

