কানাইঘাট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি নিহত

সিলেটের কানাইঘাট সীমান্তে ভারতের অভ্যন্তরে খাসিয়াদের গুলিতে শাকিল আহমদ (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

Oct 27, 2025 - 10:51
 0  2
কানাইঘাট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি নিহত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ
সিলেটের কানাইঘাট সীমান্তে ভারতের অভ্যন্তরে খাসিয়াদের গুলিতে শাকিল আহমদ (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। রবিবার (২৬ অক্টোবর) বিকেল ৪টার দিকে দনা সীমান্তের ১৩৩৪ নম্বর মেইন পিলারের ভারতীয় অংশে প্রায় ৩০০ গজ ভেতরে এ ঘটনা ঘটে।

নিহত শাকিল কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী দনা পাতিছড়া গ্রামের আব্দুর রউফের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শাকিলসহ আরও দুজন দুপুরে দনা সীমান্ত অতিক্রম করে ভারতের মেঘালয় রাজ্যের দনা খাসিয়া পুঞ্জিতে সুপারি পাড়তে প্রবেশ করেন। এসময় অস্ত্রধারী খাসিয়ারা তাদের লক্ষ্য করে গুলি চালালে শাকিল গুলিবিদ্ধ হন। তার সঙ্গীরা তাকে উদ্ধার করে বাংলাদেশের ভেতরে নিয়ে আসে। পরে গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শাকিলের মৃত্যু হয়।

দনা বিজিবি ক্যাম্পের এক কর্মকর্তা জানান, ভারতীয় খাসিয়াদের গুলিতে আহত শাকিল আহমদ মারা গেছেন বলে খবর পেয়েছেন, তবে লাশের অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বলেন, দনা সীমান্তে গুলিবিদ্ধ হয়ে শাকিল আহমদ নামে এক যুবকের মৃত্যুর খবর পেয়েছি। তার লাশের অবস্থান জানতে পুলিশ অনুসন্ধান চালাচ্ছে।

 এমবি/টিআই