জুলাই সনদ অক্ষরে অক্ষরে প্রতিপালনের অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার–১ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, “জুলাই জাতীয় সনদ রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে যেভাবে স্বাক্ষর করা হয়েছে, সেটা আমরা অক্ষরে অক্ষরে প্রতিপালন করতে অঙ্গীকারবদ্ধ।”
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার–১ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, “জুলাই জাতীয় সনদ রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে যেভাবে স্বাক্ষর করা হয়েছে, সেটা আমরা অক্ষরে অক্ষরে প্রতিপালন করতে অঙ্গীকারবদ্ধ।”
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার পর জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেওয়ার পর এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সর্বসম্মতিক্রমে তাকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়।
সালাহউদ্দিন আহমদ জানান, বৈঠকে তারেক রহমান দলের সংসদ সদস্যদের জন্য দুটি অনুশাসন দিয়েছেন—কোনো সংসদ সদস্য শুল্কমুক্ত গাড়ির সুবিধা নেবেন না এবং সরকারি প্লট গ্রহণ করবেন না।
তিনি বলেন, “আজ থেকে পরিবর্তন শুরু হলো। এই দেশে সংসদ সদস্য হলেই যে তিনি সবার ওপরে থাকবেন, সেটা আর হবে না।”
সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ার বিষয়ে তিনি বলেন, গণভোটের রায় অনুসারে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে হলে আগে সংসদে যেতে হবে এবং প্রয়োজনীয় আইন ও সংবিধান সংশোধন করতে হবে।
বিদ্যমান সংবিধান অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ পড়ানোর এখতিয়ার প্রধান নির্বাচন কমিশনারের নেই বলেও মন্তব্য করেন তিনি। তার দাবি, এ বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাদের সঙ্গে কোনো আনুষ্ঠানিক যোগাযোগ করা হয়নি।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, “সাংবিধানিকভাবে সমস্ত কিছু পরিচালিত হওয়া দরকার। আমরা এ পর্যন্ত সাংবিধানিক পদ্ধতি মেনেই এসেছি। ভবিষ্যতেও সাংবিধানিকভাবেই রাষ্ট্র পরিচালনা করব।”
এমবি এইচআর

