মুক্তিযুদ্ধের “৯০ ভাগ কল্পকাহিনী মিথ্যা”— আমির হামজার
মুক্তিযুদ্ধ নিয়ে প্রচলিত কল্পকাহিনীর ৯০ ভাগই মিথ্যা—এমন মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
মুক্তিযুদ্ধ নিয়ে প্রচলিত কল্পকাহিনীর ৯০ ভাগই মিথ্যা—এমন মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা। তিনি দাবি করেন, ১৯৭১ সালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরে মিথ্যা রচনা প্রচার করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বর থেকে জেলা জামায়াতে ইসলামীর আয়োজিত বিজয় দিবসের র্যালির শুরুতে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
মুফতি আমির হামজা বলেন, বদরুদ্দীন উমরের লেখা ইতিহাস পড়লে দেখা যায়, মুক্তিযুদ্ধ নিয়ে যেসব কল্পকাহিনী প্রচার করা হয়েছে তার ১০০ ভাগের মধ্যে ৯০ ভাগই মিথ্যা। তাঁর দাবি, জামায়াতে ইসলামী ১৯৭১ সালে যুদ্ধের বিরুদ্ধে ছিল না, বরং ভারতের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। তবে দীর্ঘদিন এই ‘সত্য’ জানার সুযোগ দেওয়া হয়নি বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, “আজকের এই বিজয় র্যালি করার কারণ হলো—আমরা দেশের স্বাধীনতার পক্ষে। ভারতের আগ্রাসনের বিরুদ্ধে ছিলাম বলেই আমাদের বিরোধী বানিয়ে রাখা হয়েছিল। আগামীর বাংলাদেশকে আমরা ভারতের তাবেদারমুক্ত, স্বাধীনচেতা রাষ্ট্র হিসেবে দেখতে চাই।”
অতীত টেনে না এনে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে আমির হামজা বলেন, দেশের সবাই সম্মানিত নাগরিক। দল-মত ভুলে সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ গড়ার কথা বলেন তিনি। তাঁর ভাষায়, “পেছনের ইতিহাস পেছনে রেখে আমরা নতুন ইতিহাস তৈরি করতে চাই।”
র্যালিতে জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দীন জোয়ার্দ্দার, সহকারী সেক্রেটারি মাজহারুল হক, শহর জামায়াতের আমির এনামুল হকসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমবি এইচআর

