ইরানের বিরুদ্ধে ‘শক্তিশালী বিকল্প’ বিবেচনা করা হচ্ছে : ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে ওয়াশিংটন ‘শক্তিশালী বিকল্প’ বিবেচনা করছে, যার মধ্যে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপও রয়েছে।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে ওয়াশিংটন ‘শক্তিশালী বিকল্প’ বিবেচনা করছে, যার মধ্যে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপও রয়েছে।
রোববার গভীর রাতে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আমরা বিষয়টি খুব গুরুত্ব দিয়ে দেখছি। সামরিক বাহিনীও এটি পর্যালোচনা করছে, এবং আমরা খুব শক্তিশালী কিছু বিকল্প বিবেচনা করছি। আমরা সিদ্ধান্ত নেব।’
তিনি দাবি করেন, সামরিক পদক্ষেপের হুমকির পর ইরানের নেতৃত্ব ‘আলোচনার জন্য যোগাযোগ করেছে’ এবং একটি সম্ভাব্য বৈঠকের ব্যবস্থাও করা হচ্ছে। তবে একই সঙ্গে ট্রাম্প সতর্ক করে বলেন, ‘বৈঠকের আগেই আমাদের পদক্ষেপ নিতে হতে পারে।’
ট্রাম্পের এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন ইরানি নেতারা যেকোনো সামরিক হস্তক্ষেপের বিরুদ্ধে কড়া সতর্কবার্তা দিয়েছেন। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, ইরানের ওপর হামলা হলে দখলকৃত ভূখণ্ড ইসরায়েলসহ যুক্তরাষ্ট্রের সব ঘাঁটি ও জাহাজ ইরানের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে।
বর্তমানে ইরানে চলমান বিক্ষোভ ও এর আন্তর্জাতিক প্রতিক্রিয়া মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এমবি এইচআর

