বিবিসির বিরুদ্ধে ৫০০ কোটি ডলারের ক্ষতিপূরণ মামলার ঘোষণা ট্রাম্পের

Nov 15, 2025 - 15:50
 0  3
বিবিসির বিরুদ্ধে ৫০০ কোটি ডলারের ক্ষতিপূরণ মামলার ঘোষণা ট্রাম্পের

মেঘনাবার্তা প্রতিনিধি:
ব্রিটিশ সম্প্রচার সংস্থা বিবিসির বিরুদ্ধে ৫০০ কোটি ডলার পর্যন্ত ক্ষতিপূরণ চেয়ে মামলা করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর বক্তব্য বিভ্রান্তিকরভাবে সম্পাদনা করে প্রচারের ঘটনায় বিবিসির দুঃখপ্রকাশের পর এ ঘোষণা দেন ট্রাম্প।

গতকাল শুক্রবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, তাঁরা ১০০ থেকে ৫০০ কোটি ডলার পর্যন্ত ক্ষতিপূরণ দাবি করে মামলা করবেন এবং তা আগামী সপ্তাহের যেকোনো সময়ই হতে পারে। তিনি অভিযোগ করেন, সম্প্রচার সংস্থাটি ইচ্ছাকৃতভাবে প্রতারণা করেছে।

ট্রাম্পের আইনজীবীরা গত সোমবার বিবিসিকে পাঠানো এক চিঠিতে দাবি করেন, ২০২১ সালে ক্যাপিটল হিল দাঙ্গার আগে ট্রাম্পের দেওয়া একটি বক্তৃতা সম্পাদনা করে এমনভাবে উপস্থাপন করা হয়, যেন তা সহিংসতায় উসকানি হিসেবে মনে হয়। ক্ষমা চাওয়া ও ক্ষতিপূরণ দেওয়ার জন্য শুক্রবার পর্যন্ত সময় বেঁধেও দেন তাঁরা।

গত রাতে ট্রাম্প জানান, এ ঘটনায় যুক্তরাজ্যের জনগণও ক্ষুব্ধ এবং তিনি বিষয়টি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গেও আলোচনায় তুলবেন। স্টারমার বিবিসির স্বাধীনতার পক্ষে কথা বললেও ট্রাম্পবিরোধী কোনো অবস্থান নেননি।

বিতর্কটি শুরু হয় বিবিসির একটি অনুষ্ঠানে প্রচারিত তথ্যচিত্রের অংশ থেকে, যেখানে ট্রাম্পের বক্তব্যের দুটি অংশ জোড়া লাগিয়ে প্রচার করা হয়। পরে সম্পাদনার বিষয়টি স্বীকার করে দুঃখ প্রকাশ করেন বিবিসির মহাপরিচালক ও শীর্ষ সংবাদ নির্বাহীরা এবং দুজনই পদত্যাগ করেন।

সংস্থাটি জানায়, ভিডিও সম্পাদনার জন্য তারা দুঃখিত হলেও এ ঘটনায় মানহানির মামলা করার মতো ভিত্তি নেই। একই সঙ্গে বিবিসির চেয়ারম্যান সামির শাহ প্রেসিডেন্ট ট্রাম্পকে একটি ব্যক্তিগত চিঠি পাঠিয়ে ঘটনার জন্য ক্ষমাপ্রার্থনা করেছেন।

এমবি/এসআর