ফের গ্রিনল্যান্ড দখল করার আগ্রাসী বক্তব্য দিলেন ট্রাম্প
গ্রিনল্যান্ড দখলের বিষয়ে আবারও কড়া অবস্থানের কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এই আর্কটিক দ্বীপটি দখলে নিতে যুক্তরাষ্ট্র প্রয়োজনে সহজ কিংবা কঠিন—উভয় পথেই এগোতে পারে।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
গ্রিনল্যান্ড দখলের বিষয়ে আবারও কড়া অবস্থানের কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এই আর্কটিক দ্বীপটি দখলে নিতে যুক্তরাষ্ট্র প্রয়োজনে সহজ কিংবা কঠিন—উভয় পথেই এগোতে পারে।
সম্প্রতি হোয়াইট হাউসে তেল খাতের নির্বাহীদের সঙ্গে এক বৈঠকে ট্রাম্প বলেন, ‘গ্রিনল্যান্ড নিয়ে আমরা কিছু একটা করব—তারা রাজি হোক বা না হোক।’ এ বক্তব্যে তিনি কার্যত ডেনমার্কের সার্বভৌমত্ব উপেক্ষা করেন।
ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র প্রথমে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করবে। তবে আলোচনায় ফল না এলে শক্ত পথ বেছে নেওয়া হবে। তার মতে, খনিজসম্পদে সমৃদ্ধ গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে আর্কটিক অঞ্চলে রাশিয়া ও চীনের সামরিক তৎপরতা বৃদ্ধির প্রেক্ষাপটে।
তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ডের বিষয়ে পদক্ষেপ না নেয়, তাহলে রাশিয়া বা চীন সেখানে প্রভাব বিস্তার কিংবা দখল নিতে পারে। এ কারণে বিষয়টি হালকাভাবে দেখার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
যদিও গ্রিনল্যান্ডে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটি রয়েছে, তবুও দ্বীপটি দখলের হুমকিতে ডেনমার্ক ও ইউরোপীয় মিত্রদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে। ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন সতর্ক করে বলেন, এ ধরনের আগ্রাসন ন্যাটো এবং যুদ্ধ-পরবর্তী বৈশ্বিক নিরাপত্তা কাঠামোর জন্য মারাত্মক হুমকি হয়ে উঠতে পারে।
তবে ডেনমার্কের এই উদ্বেগকে গুরুত্ব দেননি ট্রাম্প। তিনি বলেন, ডেনমার্ক যুক্তরাষ্ট্রের বন্ধু হলেও কয়েকশ বছর আগে সেখানে জাহাজ ভেড়ানোর ঘটনাকে মালিকানার প্রমাণ হিসেবে ধরা যায় না।
এদিকে আগামী সপ্তাহে গ্রিনল্যান্ড ও ডেনমার্কের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
এমবি এইচআর

