যুক্তরাষ্ট্রের দাবি: মাদুরো আটক, ভেনেজুয়েলায় অভিযান সমাপ্ত
ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান শেষ হয়েছে বলে জানিয়েছেন রিপাবলিকান দলীয় সিনেটর মাইক লি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে ফোনে আলাপের পর ইউটাহ অঙ্গরাজ্যের এই সিনেটর জানান, বামপন্থী নেতা নিকোলা মাদুরোকে আটক করার পরই সামরিক অভিযান সমাপ্ত করা হয়েছে।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান শেষ হয়েছে বলে জানিয়েছেন রিপাবলিকান দলীয় সিনেটর মাইক লি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে ফোনে আলাপের পর ইউটাহ অঙ্গরাজ্যের এই সিনেটর জানান, বামপন্থী নেতা নিকোলা মাদুরোকে আটক করার পরই সামরিক অভিযান সমাপ্ত করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মাইক লি উল্লেখ করেন, মাদুরো বর্তমানে যুক্তরাষ্ট্রের হেফাজতে থাকায় ভেনেজুয়েলায় নতুন করে আর কোনো সামরিক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা নেই বলে আশা করা হচ্ছে।
এর আগে শনিবার ভোরে ভেনেজুয়েলায় বড় পরিসরে সামরিক হামলা চালানোর দাবি করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই অভিযানে দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রীকে আটক করে দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে ট্রাম্পের পক্ষ থেকে জানানো হয়।
তবে মাদুরোকে কীভাবে আটক করা হয়েছে কিংবা তাঁকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে—সে বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। এর আগে যুক্তরাষ্ট্র মাদুরোকে গ্রেপ্তারে সহায়তাকারী তথ্যের জন্য পাঁচ কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছিল।
ভেনেজুয়েলা সরকার তাৎক্ষণিকভাবে প্রেসিডেন্ট মাদুরোকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেনি। দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ মাদুরোর জীবিত থাকার প্রমাণ দাবি করেছেন।
এদিকে শনিবার ভোরে যুক্তরাষ্ট্রের হামলার পর ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অন্তত দুটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় বিস্ফোরণ ঘটে। এর মধ্যে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত লা কারলোটা সামরিক বিমানঘাঁটি এবং ফুয়ের্তে তিউনা সামরিক কমপ্লেক্স অন্যতম। ফুয়ের্তে তিউনাতেই দীর্ঘদিন ধরে প্রেসিডেন্ট মাদুরোর অবস্থান ছিল বলে ধারণা করা হচ্ছিল।
উল্লেখ্য, এর আগেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় স্থল অভিযান চালানোর হুমকি দিয়ে আসছিলেন। সাম্প্রতিক এই অভিযানের মধ্য দিয়ে ভেনেজুয়েলা পরিস্থিতিতে বড় ধরনের ভূরাজনৈতিক পরিবর্তনের আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।
এমবি এইচআর

