ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে ডুবে গোপালগঞ্জের দুই তরুণের মৃত্যু, নিখোঁজ ৬
লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্যে পথে এক ভয়াবহ নৌকাডুবির ঘটনায় গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দুই তরুণের প্রাণহানি ঘটেছে।
মেঘনাবার্তা প্রতিনিধি:
লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্যে পথে এক ভয়াবহ নৌকাডুবির ঘটনায় গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দুই তরুণের প্রাণহানি ঘটেছে। একই ঘটনায় আরও ছয়জন যুবক নিখোঁজ রয়েছেন। নিহত ও নিখোঁজদের পরিবারে চলছে গভীর শোক ও উদ্বেগ।
পরিবার ও স্থানীয়রা জানিয়েছেন, ননীক্ষির ইউনিয়নের পশ্চিম লখন্ডা গ্রামের আকোব আলী শেখের ছেলে এনামুল শেখ এবং একই গ্রামের জাহিদ শেখের ছেলে আনিস শেখ গত অক্টোবর মাসে দালালের মাধ্যমে প্রায় ২১ লাখ টাকা খরচ করে অবৈধভাবে লিবিয়া গিয়ে ইতালির উদ্দেশ্যে রওনা হন।
গত ১৩ নভেম্বর রাতে ভূমধ্যসাগরের লিবিয়ার আল-খুমস উপকূলে দুইটি নৌকা ডুবে যায়। এর একটিতে ছিলেন বাংলাদেশের ২৬ নাগরিক। ঘটনায় চারজনের মরদেহ উদ্ধার করা হলেও, এনামুল শেখ ও আনিস শেখের মরদেহ পরে নিশ্চিত করা হয়। নিখোঁজ থাকা ছয় যুবক হলেন—আওলাদ শেখের ছেলে ইব্রাহিম শেখ, হায়দার শেখের ছেলে আবুল শেখ, ইকরাম মীনার ছেলে দুলাল মীনা, হায়দার মীনার ছেলে আশিক মীনা, খালেক মোল্যার ছেলে সোহেল মোল্যা এবং গুনহর গ্রামের হাফিজ মীনার ছেলে নিয়াজ মীনা।
স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে দালালচক্র প্রতারণার মাধ্যমে এলাকার যুবকদের অবৈধ পথে ইউরোপ পাঠাচ্ছে। ননীক্ষির ইউনিয়ন পরিষদের সদস্য আলমগীর মোল্যা বলেন, “লাখ লাখ টাকা খরচ করে পরিবারগুলো যুবকদের বিদেশে পাঠাচ্ছে। অনেকেই জমি বিক্রি করে এই অর্থ যোগায়। সমুদ্রপথে যাত্রা সবচেয়ে ঝুঁকিপূর্ণ হলেও চাকরি ও বেঁচে থাকার তাগিদে তারা যাত্রা করছে।”
মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, নিহত ও নিখোঁজদের বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ চলছে। পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে এবং উচ্চ পর্যায়ে বিষয়টি পাঠানো হয়েছে।
এমবি/টিআই

