কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম কুকসু নির্বাচন; খসড়া প্রকাশে মিশ্র প্রতিক্রিয়া
মেঘনাবার্তা প্রতিনিধি: প্রতিষ্ঠার পর এই প্রথমবারের মতো কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন কেন্দ্রীয় ছাত্র সংসদ (কুকসু) নির্বাচনের লক্ষ্যে গঠনতন্ত্রের খসড়া প্রকাশ করেছে। এতে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতোই হল সংসদ নির্বাচনে অনাবাসিক শিক্ষার্থীদের প্রার্থিতা ও ভোটাধিকার দেওয়া হয়েছে। তবে আবাসিক শিক্ষার্থীদের একাংশ এ সিদ্ধান্তের বিরোধিতা করে বিক্ষোভ মিছিল করেছে।
বুধবার (২৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গঠনতন্ত্র প্রকাশের পর থেকেই শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। খসড়ায় বলা হয়েছে, সভাপতি ও কোষাধ্যক্ষ ব্যতীত অন্যান্য পদে আবাসিক, অনাবাসিক ও সংযুক্ত শিক্ষার্থীরা প্রার্থী হতে ও ভোট দিতে পারবেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মোট শিক্ষার্থী সংখ্যা ৬ হাজার ৪৬১ জন, এর মধ্যে আবাসিক মাত্র ১ হাজার ৪৭০ জন এবং অনাবাসিক শিক্ষার্থী প্রায় ৫ হাজার। আবাসন সংকটের কারণে শতভাগ শিক্ষার্থীকে আবাসিক সুবিধা দেওয়া সম্ভব হচ্ছে না।
আবাসিক শিক্ষার্থীদের দাবি, হল সংসদ শুধুমাত্র হলের আবাসিকদের জন্য হওয়াই যৌক্তিক। বিজয় ২৪ হলের শিক্ষার্থী ফরহাদ কাউসার বলেন, “হলে যারা থাকেন, তারাই হলের নেতা নির্বাচন করবেন—এটাই স্বাভাবিক।”
অন্যদিকে অনাবাসিক শিক্ষার্থীরা বলছেন, তারা নিয়মিত হল ফি প্রদান করেন এবং বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে সমানভাবে যুক্ত, তাই তাদের ভোটাধিকার বঞ্চনা গণতান্ত্রিকভাবে অগ্রহণযোগ্য।
আইন বিভাগের ভারপ্রাপ্ত প্রধান মো. আলী মুর্শেদ কাজেম বলেন, “সব শিক্ষার্থীই হলে ফি দেয়, তাই ভোটাধিকার সবার থাকা উচিত, যদিও প্রার্থিতা নিয়ে আলোচনা হতে পারে।”
খসড়া কমিটির আহ্বায়ক ড. সোহরাব উদ্দিন জানান, গঠনতন্ত্রটি বিশ্ববিদ্যালয়ের দীর্ঘমেয়াদি প্রেক্ষাপটে তৈরি করা হয়েছে। তিনি বলেন, “দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতোই এখানে সব শিক্ষার্থীর প্রার্থিতা ও ভোটাধিকার থাকবে।”
এমবি/এসআর

