রাকসু জিএসের মানসিক চিকিৎসার দাবিতে ভিসিকে ছাত্রদলের স্মারকলিপি
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা। এ সংক্রান্ত একটি দলীয় বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিজেই শেয়ার করেছেন সালাউদ্দিন আম্মার।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে ক্যাম্পাসে সংঘটিত বিভিন্ন অশোভন আচরণ ও উত্তেজনাকর পরিস্থিতির প্রেক্ষাপটে শিক্ষাবান্ধব ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার স্বার্থে রাকসু জিএস সালাউদ্দিন আম্মারের মানসিক স্বাস্থ্য পরিস্থিতির মূল্যায়ন এবং প্রয়োজনীয় মনোসামাজিক সহায়তা নিশ্চিত করার দাবি জানানো হচ্ছে। এ লক্ষ্যে আজ সোমবার দুপুর ১টায় উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান ও মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, কর্মসূচি সফল করতে প্রতিটি হল ও অনুষদের নেতাকর্মীদের অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সুলতান আহমেদ রাহী এবং সাধারণ সম্পাদক সর্দার জহুরুল ইসলাম।
এদিকে বিজ্ঞপ্তির সঙ্গে নিজের একটি টিকটক অ্যাকাউন্টের লিংক যুক্ত করে সালাউদ্দিন আম্মার লিখেছেন, “আমার নতুন টিকটক একাউন্ট, সবাই সাপোর্ট দিয়ে পাশে থাকবেন।”
উল্লেখ্য, এর আগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিবাদন জানিয়ে টানানো একটি ব্যানার ছিঁড়ে ফেলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে সালাউদ্দিন আম্মারকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়।
এমবি এইচআর

