হাড্ডাহাড্ডি লড়াইয়ে ট্রাম্প-খামেনি, সামনে কী অপেক্ষা করছে

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দেওয়া ‘আঞ্চলিক যুদ্ধ’ শুরুর হুমকিকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Feb 2, 2026 - 14:55
 0  2
হাড্ডাহাড্ডি লড়াইয়ে ট্রাম্প-খামেনি, সামনে কী অপেক্ষা করছে
ছবি সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দেওয়া ‘আঞ্চলিক যুদ্ধ’ শুরুর হুমকিকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এই সতর্কবার্তা কতটা বাস্তব, তা খুব শিগগিরই বিশ্ববাসী দেখতে পাবে।

রোববার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সবচেয়ে বড় যুদ্ধজাহাজগুলো ইতোমধ্যে ইরানের কাছাকাছি অবস্থান করছে। একই সঙ্গে তিনি তেহরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে দ্রুত একটি চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানান।

এর আগে আয়াতুল্লাহ খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের যেকোনো সামরিক হামলার বিরুদ্ধে ইরান কঠোর প্রতিরোধ গড়ে তুলবে। তিনি ইরানের তেল, গ্যাস ও খনিজ সম্পদ এবং কৌশলগত ভৌগোলিক অবস্থানের কথা উল্লেখ করে অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র এই অঞ্চলে আধিপত্য বিস্তার করতে চায়।

এই উত্তেজনার মধ্যেই আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে, ট্রাম্প প্রশাসন ইরানের সঙ্গে সরাসরি আলোচনার বিষয়টি বিবেচনা করছে। তুরস্ক, মিসর ও কাতারের উদ্যোগে আগামী সপ্তাহে আংকারায় একটি বৈঠক আয়োজনের প্রস্তুতি চলছে বলেও জানা গেছে।

উল্লেখ্য, ট্রাম্প একাধিকবার ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছেন এবং পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনায় বসার জন্য চাপ দিয়ে আসছেন। অন্যদিকে ইরানও স্পষ্ট করে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের যেকোনো হামলা—ছোট বা বড়—তারা পূর্ণাঙ্গ যুদ্ধ হিসেবেই বিবেচনা করবে।

এমবি এইচআর