ইরানে বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে উদ্ধার মার্কিন তৈরি অস্ত্র ও বিস্ফোরক
ইরানের গোয়েন্দা সংস্থা দাবি করেছে, দেশটির বিভিন্ন এলাকায় চালানো বাড়ি বাড়ি তল্লাশিতে যুক্তরাষ্ট্রের তৈরি অস্ত্র ও বিস্ফোরক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
ইরানের গোয়েন্দা সংস্থা দাবি করেছে, দেশটির বিভিন্ন এলাকায় চালানো বাড়ি বাড়ি তল্লাশিতে যুক্তরাষ্ট্রের তৈরি অস্ত্র ও বিস্ফোরক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। সংস্থাটির ভাষ্য অনুযায়ী, ‘সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা’ এসব অস্ত্র গোপনে ওই বাড়িগুলোতে মজুত করে রেখেছিল। আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রাষ্ট্রীয় গোয়েন্দা কর্মকর্তারা জানান, সাম্প্রতিক অভিযানে উদ্ধার করা সরঞ্জামের মধ্যে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক ডিভাইস রয়েছে। তাদের ধারণা, বিক্ষোভের নামে সহিংস কর্মকাণ্ড চালানোর উদ্দেশ্যেই এসব অস্ত্র ও বিস্ফোরক মজুত করা হয়েছিল।
এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি দাবি করেন, সরকারবিরোধী বিক্ষোভকারীদের নির্দেশনা দিতে বিদেশ থেকে দেওয়া কলের অডিও রেকর্ডিং সরকারের হাতে রয়েছে। তার ভাষ্য, এসব কণ্ঠস্বর দেশের বাইরে থেকে আন্দোলনকারীদের উসকানি ও দিকনির্দেশনা দিচ্ছিল।
ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে এসব দাবি সামনে এলো। নিরাপত্তা পরিস্থিতি নিয়ে দেশটির কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরেই বিদেশি হস্তক্ষেপের অভিযোগ করে আসছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার আশঙ্কাও জোরালো হচ্ছে। তবে ইরানের ক্ষমতাসীনরা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, যেকোনো ধরনের বিদেশি আক্রমণ মোকাবিলায় তারা প্রস্তুত।
এমবি এইচআর

